‘ওদের তো অনেক টাকা’, মমতার পাড়া থেকে ফিরে শুভেন্দুর কটাক্ষ ‘ রাজারহাট-নিউটাউনে ফার্মহাউজ বানিয়ে থাকতে পারতেন’

Last Updated:

Suvendu Adhikari: প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়ের পুজোয় যান শুভেন্দু অধিকারী। মমতার বাড়ির গলির মুখেই এই পুজো হয়। তারপর মুখ্যমন্ত্রী যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেবক সংঘতে৷ তারপরে তরুণ যুবক সঙ্ঘে, তারপরে সপ্ত সাথীতে৷ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল দেখার মতো

মমতার পাড়া থেকে ফিরে সল্টলেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
মমতার পাড়া থেকে ফিরে সল্টলেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় তিলোত্তমা সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘কালীঘাট শিবশক্তি সংঘ’র কালীপুজোয় যান তিনি। সেখানে মায়ের আরতিও করেন। এছাড়াও কালীঘাটের একাধিক পুজো দর্শন করেন শুভেন্দু।

খোদ মমতার পাড়াতেই শুভেন্দু অধিকারীকে দেখতে রাস্তার দু ধারে মানুষের ঢল নেমেছিল। সাধারণ মানুষের ভিড়ে মিশে যান মুখ্যমন্ত্রী, তাঁদের সঙ্গে কথা বলেন, হাতও মেলান। গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ধরা পড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি। এমনকি, স্থানীয়দের ভিড় ঠেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাছে অনেক মানুষেরই আর্জি ছিল, ‘ভিআইপি কালচার থেকে পরিত্রাণ চাই’!  মমতার পাড়া থেকে ফিরে সল্টলেকে সংবাদিকদের মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গেই কথা বললেন শুভেন্দু! জানালেন, ”ওখানকার বাসিন্দাদের একটা সময় বন্দি-জীবন কাটাতে হয়েছে। গোটা এলাকার মানুষকে একটা কার্ড দেওয়া হয়েছিল। তাঁদের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব ছিল। গার্ড রেল দিয়ে রাস্তা আটকানো, চলত চেকিং, তল্লাশি! বহু রকমের প্রতিবন্ধকতার সামনে পড়তেন। ওখানে বাড়িতে বাড়িতে প্রচুর বেকার মানুষ। মৃৎশিল্পীরা ব্যবসা করতে পারতেন না। তাঁদের ক্ষতি হত। মানুষ এগুলো থেকে মুক্তি পেয়েছে।”

এরপরই মমতাকে শুভেন্দুর কটাক্ষ, ”প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই ওনার নিরাপত্তা প্রাপ্য৷ কিন্তু সবকিছুরই একটা সীমা আছে৷ ওনার তো  ফাঁকায় রাজারহাট-নিউটাউনে ফার্মহাউজ বানিয়ে থাকতে পারতেন। ওদের তো টাকার অভাব নেই” তাঁর ভাষায়, ” তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, নিশ্চয়ই তাঁর নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ন্ত্রণ থাকে। আর উনি যদি চাইতেন অন্য মাত্রায় সুরক্ষিত থাকবেন, তাহলে ওঁর উচিৎ হয়নি ঘনবসতিপূর্ন জায়গায় থাকার। ফাঁকায় বড় বাংলোতে চলে যেতে পারতেন। ওদের তো টাকার অভাব নেই। প্রচুর টাকা। রাজারহাট, নিউটাইনের দিকে বড় জমি নিয়ে ফার্মহাউজ বানিয়ে থাকতে পারতেন।”

সদ্য মুক্তি পেয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লভ’! এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ” ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সম্পর্কে জ্ঞান না থাকলে যা হয়, তারই বহিঃপ্রকাশ ঘটছে। মল্লিকার্জুন খড়্গেকে দিয়ে যেগুলো এতদিন বলাচ্ছিলেন, সেগুলো হয়তো এখন নিজেই লিখছেন। ভারতীয়রা এগুলো গ্রহণ করবে না। এগুলো যত করবে, মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় তত কংগ্রেসকে বিচ্ছিন্ন করবে।”

Post Comment

You May Have Missed