Suvendu Adhikari: শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম মমতার ভাইয়ের! ‘দিদি ভাইফোঁটায় ডাকে না,’ পদ্মের মালা হাতে ‘দাদা’র অপেক্ষা বাবুনের
Last Updated:
Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কালীপুজোয় শুভেন্দু অধিকারী৷
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পাড়ার কালীপুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শুধু তাই নয়, তাঁর জন্য মালা হাতে দাঁড়িয়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই৷ বাবুন বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমার দাদা শুভেন্দু অধিকারী৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন শুভেন্দু দা শেষ ছয় মাসেই তার চেয়ে বেশি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল ভাইপোর মুখ্যমন্ত্রী।’’
কালীপুজোর ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাতাহাতি,বচসা, ঝামেলার ঘটনা ঘটে৷ উত্তেজনা গড়ায় পরের দিন অর্থাৎ, কালীপুজোর আগের দিন পর্যন্ত৷ ময়দানে নামেন মমতা৷ বিক্ষোভও দেখান৷ পুলিশের বিরুদ্ধে তাঁর বাড়ির পুজো বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন৷ ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআআর-ও দায়ের হয়েছে৷ ওই ঘটনার পরে আজ, মমতার পাড়ার কালীপুজোয় গেলেন শুভেন্দু৷ গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট জুড়ে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে চোখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস৷ হেঁটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েও৷ হাত মেলান সকলের সঙ্গে৷
বাবুন বন্দোপাধ্যায় কালীপুজোর নাম কালীঘাট শিবশক্তি সংঘ। মমতার বাড়ির গলির মুখেই এই পূজো হয়। সেখানেই লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবুন। সঙ্গে মেয়ে৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য পদ্ম ফুলের মালা, জগন্নাথ দেবের ছবি, সঙ্গে আরো কিছু উপহার নিয়ে দাঁড়িয়ে ছিলেন মমতার ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এসে পৌঁছলে, গাড়ি থেকে নামতেই, তাঁর পায়ে হাত প্রণাম করেন মমতার ভাই৷ শুভেন্দু সেখানে কালী প্রতিমা মালা পরান এবং পুজোর আরতি করেন৷
এদিন বাবুন বন্দ্যোপাধ্যায়ের পুজোতেই প্রথমে যান শুভেন্দু৷ বাবুন বলেন, ‘‘শুভেন্দু অধিকারী জনগণের মুখ্যমন্ত্রী। ভোটের পরেও যা বলেছিলাম এখনো তাই বলব। দাদা আমায় যখন যেখানে রাখবেন তখনই থাকব দলে যোগ দিতে বললেও থাকব।’’
এরপরেই তিনি বলেন, ‘‘দিদি আমায় ভাইফোঁটায় ডাকে না। আর এখন ডাকলে যাব না৷’’
কালীঘাট তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ২০২৪ সালে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন মমতার ছোট ভাই। কিন্তু প্রার্থিতালিকায় নাম না-থাকায় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন বাবুন। সেই শুরু দিদি-ভাইয়ের সম্পর্কে ‘ভাঙন’। সেই সময় খানিকটা ‘বিদ্রোহী’ হয়ে প্রকাশ্যে বাবুন জানিয়েছিলেন, তিনি হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন। যদিও শেষপর্যন্ত তা হয়নি।
বাবুনকে ত্যাজ্য ভাই ২০২৪ সালের মার্চ মাসে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বলেছিলেন ওঁর সঙ্গে আমাদের পরিবারের আর কোনও কোনও যোগ নেই।আমি পরিবারতন্ত্র করি না। যে যেখানে ইচ্ছে ভোটে লড়তে পারে। আমার কিছু যায় আসে না।

Post Comment