‘কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান, কেউ ডেপুটি মেয়র, কেউ মেয়র…’, মমতার বাড়ির কালীপুজোয় ‘গরহাজিরদের’ চরম কটাক্ষ কুণালের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোতে অংশ নিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ মমতার ক্ষমতা হারানোর পর যে সমস্ত নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে গরহাজির থাকলেন তাঁদের চরম নিশানা করলেন। বেলেঘাটার বিধায়ক তথা মমতা শিবিরের অন্যতম মুখ হিসেবে পরিচিত কুণাল ঘোষ বলেন, “গত বছর পর্যন্ত এই জায়গাটা যারা ঘিরে থাকতেন, আলো করে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোতে না এলে নাকি দিন শুরু হত না, তাঁরাই নাকি উপোষ করে বসে থাকতেন, সেই সমস্ত ‘গদ্দার’ ‘বেইমান’ গুলোর চরিত্র তো আজ প্রমান হয়ে যাচ্ছে।”

কুণাল এও বলেন,’মমতাদির সৌজন্যে, মমতাদির দল, মমতাদির প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ব্যবহার করে কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান, কেউ ডেপুটি মেয়র, কেউ মেয়র শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় যাঁরা জন প্রতিনিধি ছিলেন, কেউ মন্ত্রী কেউ বিধায়ক ছিলেন কেউ এমপি তাঁরাও ‘বেইমান’। স্বাভাবিকভাবে তাঁরা কোন মুখ নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোতে? লজ্জায় দিদির মুখের সামনে দাঁড়াবে কী করে? আর দ্বিতীয়ত, ওদের আজকের দিনের রাজনৈতিক ‘বাবা’রা রেগে যাবেন তাই তাঁরা আসতে পারছে না। তবে তাতে কিছু যায় আসে না, মমতাদির বাড়িতে সুন্দরভাবে পুজো হয়েছে। বহু নেতা, কর্মী- সমর্থক এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতে। আজও অনেকের কাছে আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।’

বলাবাহুল্য, রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে হল কালীপুজো। দীর্ঘ বহু বছর ধরে নিয়ম-নিষ্ঠা ও পরম্পরা মেনে তাঁর বাড়িতে এই পুজোর আয়োজন হয়ে আসছে। এবছরও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল মা কালীর আরাধনা। অন্যান্য বছরের মতো এবারও পুজোর যাবতীয় প্রস্তুতি নিজে তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এবারের পুজোয় চোখে পড়ল এক অন্য ছবি। একসময় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এবং কালীপুজোর দিন তাঁর বাড়িতে নেতা-মন্ত্রী ও কর্মীদের ভিড় জমত, সেলেবরাও হাজির থাকতেন। তাঁদের একটা বড় অংশই এবার অনুপস্থিত ছিলেন। ফলে উপস্থিতির তালিকার পাশাপাশি নজর কেড়েছে ‘নেই’-এর তালিকাও।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন-সহ আরও অন্যান্যরা এবারও উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর প্রথম মমতার কালীঘাট বাড়ির কালীপুজোতে ‘উধাও’ থাকা এক সময়ের মমতার ‘অতি’ ঘনিষ্ঠদের নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Post Comment

You May Have Missed