দীপাবলি-ছটপুজোয় যাত্রীদের সুখবর! হাওড়া-দিল্লি ও সাবৌর-আনন্দ বিহার রুটে জোড়া স্পেশাল ট্রেন
হাওড়া-নয়াদিল্লি রুটে পাঁচটি করে ট্রিপ
দীপাবলি ও ছটপুজোর সময় দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে দিল্লিগামী যাত্রীদের সুবিধার জন্য চালানো হবে ০৪০৫৪/০৪০৫৩ নম্বরের স্পেশাল ট্রেন।
০৪০৫৪ নম্বরের নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ৪, ৫, ৭, ১১ ও ১২ নভেম্বর নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১১টা ৪০ মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি।
অন্যদিকে, ০৪০৫৩ নম্বরের হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ৬, ৭, ৯, ১৩ ও ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছবে।
এই ট্রেন দু’টি উভয় দিকেই ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে থামবে। ট্রেনগুলিতে থাকছে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কামরা।
সাবৌর-আনন্দ বিহার রুটেও বিশেষ ট্রেন
বিহার ও দিল্লির মধ্যে যাত্রীদের সুবিধার জন্য ০৪০৬৬/০৪০৬৫ নম্বরের স্পেশাল ট্রেন চালানো হবে। ০৪০৬৬ নম্বরের আনন্দ বিহার-সাবৌর স্পেশাল ট্রেনটি ৬, ৭, ১১ ও ১২ নভেম্বর সকাল ৫টায় আনন্দ বিহার টার্মিনাল থেকে ছাড়বে। পরের দিন সকাল ৭টায় সাবৌরে পৌঁছবে ট্রেনটি।
অন্যদিকে, ০৪০৬৫ নম্বরের সাবৌর-আনন্দ বিহার স্পেশাল ট্রেনটি ৭, ৮, ১২ ও ১৩ নভেম্বর সকাল ১১টায় সাবৌর থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১টা ৪৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে।এই ট্রেন দু’টি উভয় দিকেই ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে।ট্রেনগুলিতে শুধুমাত্র এসি কামরার ব্যবস্থা থাকবে।
দীপাবলি ও ছটপুজোর সময় যাত্রীদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে রেল। স্পেশাল ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা শীঘ্রই জানানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
Post Comment