Bankura Accident: মামাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই নাবালক, ১৭ ঘণ্টা পরেও চলছে উদ্ধারকাজ

Last Updated:

এরপর আজ সকাল থেকে উদ্ধারকাজে নামে বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিডবোটের সাহায্যে জোরকদমে চলছে তল্লাশি।

ডিভিসি ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই নাবালক
ডিভিসি ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই নাবালক

পাত্রসায়ের, বাঁকুড়া: দুর্গাপুজোর ছুটিতে মামাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার দুই নাবালক। ডিভিসির সেচ ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই ভাই। প্রায় ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাদের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুই নাবালকের নিখোঁজ হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দারাও।

জানা গিয়েছে, দুর্গাপুরের পারিজাত মণ্ডল এবং সালবনির অনিন্দ্য পুরোকাইত দুর্গাপুজোর ছুটিতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার অন্তর্গত বোড়লবান্দী গ্রামে মামাবাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল চারটে নাগাদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডিভিসির সেচ ক্যানেলের পাড়ে বসে মোবাইল ঘাঁটছিল দুই নাবালক। আচমকাই তাদের মধ্যে একজনের মোবাইল জলে পড়ে যায়। সেই মোবাইল উদ্ধার করতে গিয়েই দু’জনেই ক্যানেলের জলে তলিয়ে যায় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি উদ্ধারকাজে নামেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাত্রসায়ের থানার পুলিশ। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও দুই নাবালকের কোনও খোঁজ মেলেনি। এরপর আজ সকাল থেকে উদ্ধারকাজে নামে বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিডবোটের সাহায্যে জোরকদমে চলছে তল্লাশি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দুই নাবালকের সন্ধান না মেলায় ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা।

দুর্গাপুজোর আনন্দের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবারের সদস্যরা। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠার মধ্যে কাটছে তাঁদের প্রতিটি মুহূর্ত। দুই নাবালকের সন্ধানে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Post Comment

You May Have Missed