৮ নভেম্বর শেয়ার বাজারে হবে মুহূরত ট্রেডিং, কী জিনিস, কী ভাবে করবেন ট্রেডিং?
কলকাতা: দীপাবলি উপলক্ষে ভারতের শেয়ার বাজারে বিশেষ ট্রেডিং সেশন হবে। একে বলা হয় মুহূরত ট্রেডিং। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই মুহূরত ট্রেডিং। সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের তরফে এই সময়সূচি জানানো হয়েছে। এক্সচেঞ্জের ঘোষণা অনুযায়ী, ওই দিন দুপুর ২টো ২০ মিনিট থেকে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত চলবে সাধারণ লেনদেন। হিন্দু নববর্ষ ‘সংবৎ’-এর সূচনাকে কেন্দ্র করে এই বিশেষ ট্রেডিং সেশন আয়োজন করা হয়।
আরও পড়ুন: ৪০ বছর বয়সেও নেই অবসরের জন্য সঞ্চয়! আগামী ২০ বছরে কোন পথে তৈরি করবেন রিটায়ারমেন্ট ফান্ড?
কখন শুরু হবে মুহূরত ট্রেডিং?
এক্সচেঞ্জের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ২টো ৫ মিনিট থেকে ২টো ২০ মিনিট পর্যন্ত চলবে ১৫ মিনিটের প্রি-ওপেন সেশন। এরপর দুপুর ২টো ২০ মিনিটে শুরু হবে সাধারণ ট্রেডিং, যা চলবে বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত। CAS-এর আওতাভুক্ত সিকিউরিটিজের ক্লোজিং টাইম ধার্য করা হয়েছে বিকেল ৩টে ১৫ মিনিট।
কোন কোন বিভাগে হবে লেনদেন?
এই বিশেষ সেশনে ইক্যুইটি বা ক্যাপিটাল মার্কেট, ইক্যুইটি ডেরিভেটিভস, কারেন্সি ডেরিভেটিভস এবং কমোডিটি ডেরিভেটিভস বিভাগে লেনদেন করা যাবে। লেনদেনের ক্ষেত্রে নিয়মিত সেটলমেন্ট পদ্ধতি এবং বাজারের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার প্রোটোকল কার্যকর থাকবে। দীপাবলির বাকি সময়ে নিয়মিত লেনদেন বন্ধ থাকবে। পরবর্তী ট্রেডিং সেশন থেকে বাজারের কাজকর্ম স্বাভাবিক নিয়মে শুরু হবে।
কেন গুরুত্বপূর্ণ মুহূরত ট্রেডিং?
দীপাবলির সময় নতুন সংবৎ বা হিন্দু নববর্ষের সূচনা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সময়ে বিনিয়োগকে শুভ বলে মনে করা হয়। সেই কারণেই প্রতি বছর স্টক এক্সচেঞ্জগুলি বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করে। বহু বিনিয়োগকারী এই সময়ে নতুন বিনিয়োগ শুরু করেন বা শেয়ার কেনেন। ২০২৫ সাল থেকে এই বিশেষ সেশন সন্ধ্যার পরিবর্তে দুপুরে আয়োজন করা হচ্ছে।
গত বছর মুহূরত ট্রেডিং কেমন হয়েছিল?
গত বছরের বিশেষ সেশনে সেনসেক্স ৬২.৯৭ পয়েন্ট বেড়ে ৮৪,৪২৬.৩৪-এ বন্ধ হয়েছিল। অন্যদিকে, নিফটি ২৫.৪৫ পয়েন্ট বেড়ে ২৫,৮৬৮.৬০-এ শেষ হয়।
তবে মুহূরত ট্রেডিংকে শুভ বলে মনে করা হলেও বিনিয়োগে লাভের নিশ্চয়তা নেই। শেয়ার কেনার আগে সংস্থার আর্থিক অবস্থা, বাজারের পরিস্থিতি এবং নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করা জরুরি।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Post Comment