রাখীর বিজ্ঞাপনে পোশাক নিয়ে চূড়ান্ত বিতর্ক! উৎসবের দিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি শ্যাননের
কলকাতা: রাখীর বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে বিতর্ক, কোথাও তীব্র নিন্দা, কোথাও আবার সমর্থন। বিতর্কের জের এতটাই যে, বিতর্কিত বিজ্ঞাপনটি ওই বিপণী সংস্থা সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে পর্যন্ত নিয়েছে। গোটা বিষয়টা নিয়ে তেমন মন্তব্য করতে চাননি নায়িকা। তবে রাখীপূর্ণিমার দিন করা একটা ছোট্ট পোস্টে, যেন যাবতীয় বিতর্কের জবাব দিয়ে দিলেন তিনি। কৃতি শ্যানন (Kriti Sanon)। সদ্যই একটি বিপণী সংস্থার হয়ে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন কৃতি, সেই থেকেই শুরু হয় বিতর্ক। রাখীতে খোলামেলা পোশাক পরার জন্য কটাক্ষ, নিন্দা শুনতে হয় কৃতিকে। প্রশ্ন তোলা হয় ভারতীয় সংস্কৃতি, শিক্ষা ও সামাজিকতা নিয়ে।
কোথা থেকে শুরু বিতর্ক?
বিতর্কের শুরু, একটি বিজ্ঞাপন নিয়ে। একটি গয়নার বিপণী সংস্থার হয়ে, কৃতি শ্যানন অভিনয় করেছিলেন রাখীর একটি বিজ্ঞাপনে। সেখানে পোষ্যের হাতে রাখী বেঁধে দেওয়ার সময়ে, একটি খোলামেলা পোশাক পরেছিলেন কৃতি। রাখীর দিন, রাখী বাঁধার সময়ে, কৃতিকে লেহঙ্গার সঙ্গে একটি সাদা কাজ করা ব্রালেটে দেখা গিয়েছিল। আর এই বিজ্ঞাপন মুক্তি পাওয়ার পরেই, শুরু হয়ে যায় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় কৃতির এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) লিখেছিলেন, ‘আলমারিতে পোশাকের কমতি নেই। তার পরও বিকিনি বা অন্তর্বাস পরে ভাইকে রাখী বাঁধতে হবে কেন? বিজ্ঞাপনটি অত্যন্ত অস্বস্তিকর’।
সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি শ্যাননের
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট পোস্ট করেছেন কৃতি। সেখানে দেখা যাচ্ছে, দুই বোনের হাতে রাখী পরা। কৃতির বোন রয়েছে, তাঁর সঙ্গেই রাখী উদযাপন করেছেন কৃতি। ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘রাখী ফ্যাশন কমিটি যেখানে এখনও বিভিন্ন শিক্ষাদান করছে, সেখানে আমরা আসল বিষয়টার ওপর গুরুত্ব দিই। সবাইকে রাখীপূর্ণিমার শুভেচ্ছা।’ ছোট্ট এই পোস্টে কৃতি যেন ইঙ্গিত করেছেন যে, রাখীতে আসল বিষয় বন্ধনের, ভাই-বোনের সম্পর্কের। পোষাক সেখানে একেবারেই গৌণ বিষয়, ভাইবোনের সম্পর্কই এই উৎসবের আসল মাধুর্য্য। রাখীর এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় কৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Dev-Jeet: দেবের সঙ্গে অভিনয় করতে চান, দেখতে যেতে চান ‘দেশু7’ ও! অকপট জিৎ
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ
Post Comment