যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
কলম্বো: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কলম্বোতে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে। গলে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতেছিল ভারত। সিরিজে ১-০ এগিয়ে রয়েছেন শুভমন গিলরা। কলম্বোতে ড্র করলে বা জিতলে সিরিজ জিতে নেবে ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীরের আমলে সেটাই হতে পারে বিদেশের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে নিয়ে উদ্বেগ তৈরি হল। ব্যাটিং করার সময় গুরুতর চোট পেলেন পন্থ। তাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যেতে হয়। পন্থ প্রথম দিনের তৃতীয় সেশনে পুল শট খেলতে গিয়ে কব্জিতে চোট পান। আর ব্যাট করতে নামতে পারেননি তিনি।
ঠিক কী হয়েছে? প্রথম দিনের তৃতীয় সেশনে শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা ঋষভ পন্থকে একটি শর্ট বল করেন। সেই বলে ঋষভ পন্থ পুল শট খেলার চেষ্টা করেন। কিন্তু বল তাঁর ব্যাটে না লেগে সরাসরি তাঁর বাঁ হাতের কব্জির কাছে গিয়ে লাগে। আঘাত পাওয়ার পর পন্থকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। ভারতীয় দলের ফিজিওথেরাপিস্ট কমলেশ জৈন সঙ্গে সঙ্গে মাঠে গিয়ে তাঁর চিকিৎসা করেন। কিন্তু পন্থের ব্যথা কমেনি।
আরও পড়ুন: ০ ও ১ রানে পড়েছিল ক্যাচ, সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শাসন করলেন দেবদত্ত, পূজারার কীর্তি স্পর্শ
ঋষভের হাতে প্রথমে আইস প্যাক লাগানো হয় এবং তারপর ব্যান্ডেজ করা হয়। কিন্তু ব্যথা বেশি হওয়ায় ব্যান্ডেজও দ্রুত খুলে দেওয়া হয়। পন্থ ১৫ বলে তিন রান করে ব্যাট করছিলেন। তবে তিনি ইনিংসের ৫৮তম ওভারে ফিজিওথেরাপিস্টের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান। এরপর রবীন্দ্র জাডেজা ব্যাট করতে আসেন এবং দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান। দিনের শেষ ওভারে জাডেজা আউট হওয়ার পর সারাংশ জৈন ব্যাট করতে নামেন। পন্থ নামতে পারেননি। সোমবার ম্যাচের দ্বিতীয় দিন কি তিনি ব্যাটিং করতে পারবেন? দুশ্চিন্তা গ্রাস করেছে ভারতীয় শিবিরকে।
প্রথম দিনের আপডেট
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৮৫ ওভারের খেলা হয়েছে। ভারত ৫ উইকেট হারিয়ে ৩০০ রান করেছে। টিম ইন্ডিয়ার হয়ে দেবদত্ত পাড়িক্কল ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে অধিনায়ক শুভমন গিলও অর্ধশতরান করেন। এছাড়া যশস্বী জয়সওয়াল ৪৫ এবং রবীন্দ্র জাডেজা ৪৩ রানের ইনিংস খেলেন। কে এল রাহুল ১৮ রান করে আউট হন। দিনের শেষে ধ্রুব জুড়েল ৭ এবং সারাংশ জৈন ৪ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
Post Comment