হাসপাতালে জ়রিন খানের প্রিয়জন, কাজ স্থগিত রেখে সেবা করছেন অভিনেত্রী! কী হয়েছে?
কলকাতা: বলিউডে একের পর এক খারাপ খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সেলিম খান। আর তারপরেই জানা গেল, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জ়রীন খানের (Zareen Khan) মা-কে। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে জ়রীন খান জানিয়েছেন, তাঁর মা হাসপাতালে আবার ভর্তি হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ জ়রীন খানের মা, বারে বারেই তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। আর সদ্যই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন জ়রীন খান নিজেই। পাশাপাশি অভিনেত্রী অনুরাগীদের এ ও বলেছেন যে, তাঁর মায়ের জন্য যেন সবাই প্রার্থনা করেন।
অভিনেত্রী এর আগে একাধিকবার জানিয়েছিলেন যে, তাঁর মা ভীষণ অসুস্থ। তিনি বারে বারে অসুস্থ হয়ে পড়েন আর হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। জ়রীন মায়ের ভীষণ কাছের, সেই কারণে কাজ বন্ধ রেখে দেখাশোনা করতে হয় তাঁকে। এবারেও তিনি কাজ বন্ধ করে, মায়ের দেখাশোনা করছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জ়ারিন লিখেছেন, ‘আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য সবাই প্রার্থনা করুন।’
অন্যদিকে, হাসপাতালে ভর্তি হয়েছেন, সেলিম খান। মায়ানগরী সূত্রে খবর, বাবার স্বাস্থ্যের খুঁটিনাটি প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর অসন্তুষ্ট হন খোদ সলমন। পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, সেলিম খানের স্বাস্থ্যের খুঁটিনাটি যেন বাইরে না যায়। সংবাদমাধ্যমে কিছু বলা যাবে না। সেলিম খানের স্বাস্থ্য নিয়ে কোনও রকম গুজব ছড়াক, চান না পরিবারের কেউই। পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, ‘স্বাস্থ্য় অত্যন্ত ব্যক্তিগত বিষয়। মিডিয়া বা অন্য কাকে, কী জানানো হবে, তা পরিবারের উপরই ছেড়ে দেওয়া উচিত। পরিবার যখন ঠিক মনে করবে, অনুরাগী এবং শুভাকাঙ্খীদের জানানো হবে। যেভাবে ওই চিকিৎসক প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, তাতে সলমন এবং পরিবারের সকলে অসন্তুষ্ট। সেই মতো হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়েছে।’
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ভেন্টিলেটরে রাখা হলেও সেলিম খানের অবস্থা সঙ্কটজনক নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে তিনি। জাভেদ আখতার থেকে সঞ্জয় দত্ত, রিতেশ দেশমুখ, রাহুল রায়, আমির খান, অনেকেই সেলিম খানকে দেখতে গিয়েছেন হাসপাতালে। খান পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন সেখানে। আর পরিবারে যখন সঙ্কট নেমে এসেছে, সেই সময় প্রাণনাশের হুমকি পেলেন সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা। ইমেলে তাঁকে হুমকি দেওয়া হয়, কয়েক কোটি টাকা চাওয়া হয় বলে জানা গিয়েে। সুইডেন থেকে হুমকি ইমেলটি এসেছে বলে জানা যাচ্ছে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয় বলে খবর। এ নিয়ে মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে।



Post Comment