হাওড়ায় হাড়হিম হত্যাকাণ্ড, প্রোমোটার খুনে এখনও অধরা মূল ২ অভিযুক্ত

হাওড়ায় হাড়হিম হত্যাকাণ্ড, প্রোমোটার খুনে এখনও অধরা মূল ২ অভিযুক্ত

পার্থপ্রতিম ঘোষ, হাওড়া : হাওড়ার গোলাবাড়ির পিলখানায় হাড়হিম করা হত্যাকাণ্ডে এখনও অধরা মূল অভিযুক্ত রোহিত হোসেন আর হারুন খান। ২৪ ঘণ্টা কেটে গেলেও তাদের নাগাল পেল না পুলিশ। অভিযুক্তদের ৩ সঙ্গীকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে গোলাবাড়ি থানা। গতকাল ভরা রাস্তায় সকলের সামনে পর পর গুলি করে প্রোমোটারকে খুন করে দুই অভিযুক্ত। দু’জনকে স্পষ্ট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে তারপরেও দু’জনের কাউকেই গ্রেফতার করতে পারে নি পুলিশ। অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়া বিধানসভার তৃণমূল বিধায়কের একাধিক ছবি ভাইরাল হওয়াতেও চাঞ্চল্য ছড়িয়েছে। 

হাওড়ায় প্রোমোটারকে গুলি করে খুন। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ। ভাইরাল ভিডিওয় তৃণমূল বিধায়কের বাইকে হারুন খান। ভাইরাল ভিডিওয় তৃণমূলে মিছিলেও হারুন খান। এই হারুন খানই প্রোমোটার খুনে অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে যে আততায়ীদের স্পষ্ট দেখা গিয়েছে, এখনও তাদের নাগাল পায়নি পুলিশ। দুষ্কৃতীরা ‘শাসক ঘনিষ্ঠ’ হওয়াতেই কি এখনও হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় গ্রেফতার হয়নি কেউই, উঠছে প্রশ্ন। বুধবার ভোররাতে হাওড়ার রাস্তায় ৬ গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৭ বছর বয়সী প্রোমোটার সফিক খান। এই প্রোমোটারকে খুনের ঘটনায় সিসিটিভিতে দেখা যাওয়া অন্যতম মূল অভিযুক্ত হারুন খানকে কখনও দেখা গিয়েছে হাওড়া উত্তরের বিধায়ক গৌতম চৌধুরীর বাইকের পিছনে। কখনও আবার বিধায়কের সঙ্গে এক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে অভিযুক্তকে। 

হাওড়ার শ্যুটআউটের ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ২ দুষ্কৃতীর সাংঘাতিক বেপরোয়া মনোভাব। ঘটনার সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন অনেকেই। তাঁদের মাঝেই মিশে ছিল ২ আততায়ী। হঠাৎ বন্দুক বের করে একজন পিছন থেকে গুলি করে সফিককে। মাটিতে লুটিয়ে পড়েন তরুণ প্রোমোটার। তারপর গুলি চালায়ে আরেক আততায়ী। লোকজন থাকাকালীন রাস্তার মধ্যেই একজনকে গুলি করে খুন করা হল। তারপর থেকে বেপাত্তা আততায়ীরা। স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তাদের একাধিক টিম দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। তারা ধরা পড়লে খুনের কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। তবে একদিন পেরিয়ে গেলেও পুলিশ যে আততায়ীদের নাগাল পায়নি, তা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। সেই সঙ্গে তৃণমূল বিধায়কের সঙ্গে এক অভিযুক্তের ছবি-ভিডিও ভাইরাল হওয়ায় অস্বস্তি বাড়ছে শাসকদলের। 

Previous post

Purulia News: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

Next post

BR Singh: কলকাতার স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক, খোলনলচে বদলে গেল বি আর সিং হাসপাতালের!

Post Comment

You May Have Missed