‘সরকারের হয়ে এনআরসির খেলা খেলছেন?’ তোপ দিদির, দিলেন হুঁশিয়ারি
সোমবার বোলপুর থেকে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ভাষা আন্দোলন। আন্দোলনের প্রথম দিনেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে জোড়া আক্রমণ শানালেন দিদি। ভাষা আন্দোলনের পাশাপাশি এই দিন তাঁর বক্তৃতায় উঠে এল বিহার নির্বাচনের এসআইআর প্রসঙ্গও। উঠে এল এনআরসির প্রসঙ্গও। নির্বাচন কমিশনকে তোপ দেগে দিদি বলেন, ‘আমি বলছি, এই অপদার্থ নীতির জন্য দেশ ভেঙে যেতে পারে। বিরাট গেমপ্ল্যান আছে। ডবল ইঞ্জিন সরকার যে নির্বাচন কমিশনকে নিয়ে এসেছে… আপনি সরকারের হয়ে এনআরসির খেলায় নেমেছেন?’
আরও পড়ুন – ‘শিশুও ছাড় পাচ্ছে না!’ বঙ্গশ্রমিকের স্ত্রী-পুত্রকে মারধরের অভিযোগ নিয়ে সরব দিদি
নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ
বাংলাভাষার অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বঙ্গভূমি থেকে ভাষা আন্দোলনের সূচনা করেন রাজ্যের শাসক দলের সুপ্রিমো। হাতে রবি ঠাকুরের ছবি নিয়ে বোলপুর ট্যুরিস্ট লজ মিছিলের সূচনা হয়। মিছিল শেষ হয় শ্রীনিকেতন রোডে জামবুনি বাসস্ট্যান্ডে গিয়ে। সেখানকার সভাস্থল থেকে এই দিন নাম না করে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে চক্রান্তের জল্পনা উস্কে তিনি বলেন, ‘একজন দেশের মন্ত্রীর কো-অপারেশন সেক্রেটারি ছিলেন। ডবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছেন। যাতে ওঁর বন্ধুকে বকলমে ডবল ইঞ্জিন কার্ড খেলে জেতানো যায়। শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে যাবে। এ ভুল কোরো না।’
আরও পড়ুন – Mamata Banerjee: বোলপুর থেকে শুরু মমতার ভাষা আন্দোলন! সোমে দিদির পৈতৃক ভিটের কাছে কোন কর্মসূচি?
দিদির হুঁশিয়ারি
প্রসঙ্গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের ভোটের আগে বাঙালি অস্মিতাকেই পাখির চোখ করে এগোচ্ছে শাসক দল। এর লক্ষ্যে একদিকে যেমন রয়েছে ভিন রাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থার প্রতিবাদ, তেমনই রয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন। বাংলাতেও এসআইআর বা তালিকার নিবিড় সংশোধন হওয়া নিয়ে মমতা বলেন, ‘একটা মানুষের ঠিকানা কেড়ে নেওয়া হলে তোমাদের ঠিকানাও থাকবে না।’



Post Comment