সত্যিই কি চুরির দায়ে গ্রেফতার হয়েছেন আবদু রোজ়িক? অবশেষে মুখ খুললেন সলমন খানের প্রিয় পাত্র

সত্যিই কি চুরির দায়ে গ্রেফতার হয়েছেন আবদু রোজ়িক? অবশেষে মুখ খুললেন সলমন খানের প্রিয় পাত্র

কলকাতা: বড় অভিযোগ ‘বিগ বস’ (Big Boss) খ্যাত আবদু রোজ়িকের (Abdu Rozik) বিরুদ্ধে । দুবাই বিমানবন্দর থেকে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । অভিযোগ, তিনি নাকি দুবাই বিমানবন্দরে চুরি করেছেন । আর সেই কারণেই নাকি গ্রেফতার করা হয়েছে তাঁকে । আবদু রোজ়িক সলমন খানের (Salman Khan) খুব প্রিয় পাত্র । অনুরাগীদের কাছ থেকেও বিগ বস-এর মাধ্যমে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি । আর এবার সেই সোশ্যাল মিডিয়া ইন্ফ্লুয়েন্সার গ্রেফতার হয়েছে বলে খবর ছড়িয়েছে । সকাল থেকেই এই খবরে তোলপাড় । অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন আবদু রোজ়িক । তাঁর টিমের তরফ থেকে এটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোটা বিষয়টা কী ঘটেছে?

বিবৃতিতে প্রথমেই জানানো হয়েছে, আবদু রোজ়িককে মোটেই গ্রেফতার করা হয়নি । তাঁকে কেবলমাত্র আটক করা হয়েছে । এরপরে আবদু গোটা ঘটনার যে ব্যখ্যা দিয়েছেন, তাই শুনে সন্তুষ্ট হয়ে পুলিশ ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে তাঁকে । আজ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে । সেখানে উপস্থিত থাকবেন আবদু রোজ়িক । দ্বিতীয়ত, আবদু রোজ়িকের টিম থেকে জানানো হয়েছে, সংবাদমাধ্যমে আবদু রোজ়িকের গ্রেফতারির যে খবর ছড়িয়েছে তা একেবারেই ভুয়ো । এতে আবদু রোজ়িকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । এর কারণে যদি আইনি পদক্ষেপ নিতে হয়, তাহলে তাঁরা সেই পথেই এগোবেন । পাশাপাশি টিমের তরফ থেকে এও জানানো হয়েছে যে এই বিষয়ে, এই ঘটনা নিয়ে তাঁদের অনেক কিছুই বলার রয়েছে । যথা সময়ে তাঁরা সবকিছু বলবেন । 

আবদুকে গ্রেফতার করা হয়েছে এইরকম কিছু খবরের ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন । এরপরেই তিনি শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও । সেখানে দেখা যাচ্ছে, পুরস্কার বিতরণীর লাল গালিচা দিয়ে হেঁটে যাচ্ছেন আবদু রোজ়িক । এরপরে মঞ্চে উপস্থিত থাকার একটি ভিডিও ও শেয়ার করে নিয়েছেন তিনি । আর সেই সবই যেন হদিশ দেয়, তেমন কোনও বিপাকে পড়েননি আবদু রোজ়িক । 

 

 




Post Comment

You May Have Missed