শ্রীলঙ্কার ঘরের মাঠে দুরন্ত লড়াই নিউজ়িল্যান্ডের, আজই দৌড় শেষ হয়ে যেতে পারে আয়োজকদের!
কলম্বো: টি-২০ বিশ্বকাপে কালো ঘোড়া বলা হচ্ছে নিউজ়িল্যান্ডকে। কেন, তা বুধবার কলম্বোয় ফের একবার দেখিয়ে দিলেন কিউয়িরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে পাল্টা লড়াই চালাল নিউজ়িল্যান্ড। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চাপ সামলে বোর্ডে বড় রান তুলল নিউজ়িল্যান্ড। সুপার এইট থেকে সেমিফাইনালে জায়গা পেতে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাদের অগ্নিপরীক্ষা দিতে হবে। কিউয়ি বোলারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার কাজ সহজ হবে না।
সুপার এইটে গ্রুপ টু থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট পাকা করে নিয়েছে। নিয়ম হচ্ছে, সুপার এইট পর্বের দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি করে দল শেষ চারে উঠবে। ইংল্যান্ড এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই গ্রুপে বাকি একটি জায়গার জন্য লড়াই তিন দলের। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজ়িল্যান্ড। এদের মধ্যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় তাদের এই ম্যাচে জিততেই হবে। হেরে গেলে ছিটকে যাবে সেমিফাইনালের দৌড় থেকে। সেক্ষেত্রে নিউজ়িল্যান্ড সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে।
আর মরণ-বাঁচন পরিস্থিতিতে দুরন্ত শুরু করেছিল শ্রীলঙ্কা। যদিও টস জিতে তাদের প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত রয়েছে। অনেকে বলছেন, পরের দিকের শিশিরের কথা মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দাসুন শনাকা। কিন্তু শ্রীলঙ্কায় উইকেট যেরকম মন্থর, তাতে পরের দিকে রান তোলা আরও কঠিন হয়ে যাচ্ছে। যে কারণে অনেক দলই শুরুতে ব্যাটিং করে নিতে চাইছে।
শ্রীলঙ্কা শুরুতে ফিল্ডিং করে শুরুটা দারুণ করে। ১২.১ ওভারে তারা নিউজ়িল্যান্ডকে ৮৪/৬ করে দিয়েছিল। সেই সময় মনে হয়েছিল, ১২০ রানের মধ্যে হয়তো অল আউট হয়ে যাবে নিউজ়িল্যান্ড। কিন্তু অন্যরকম ভেবেছিলেন মিচেল স্যান্টনার। ২৬ বলে ৪৭ রান করেন কিউয়ি অধিনায়ক। সপ্তম উইকেটে কোল ম্যাকঞ্চির সঙ্গে ৮৪ রান যোগ করে ম্যাচ জমিয়ে দিয়েছেন স্যান্টনার। নিউজ়িল্যান্ড তুলেছে ১৬৮/৭। তিনটি করে উইকেট মাহিশ তিকশানা ও দুষ্মন্ত চামিরার। কঠিন পরীক্ষা এবার শ্রীলঙ্কার ব্যাটিংয়ের।
An almost screamer ➡️ a stunning caught and bowled 👏
Watch Maheesh Theekshana’s resurgence in the field against New Zealand during the #T20WorldCup Super 8 contest 🎥 https://t.co/a3BytfsaHA pic.twitter.com/jhM9jv0M5w
— T20 World Cup (@T20WorldCup) February 25, 2026



Post Comment