শুক্রে বঙ্গ সফর মোদীর! বাজবে ভোটের রণদামামা? কর্মসূচি একনজরে
বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক গ্যাসসহ পাঁচটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মোট পাঁচ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হবে শুক্রবার। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে জনসভা করবেন মোদী। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে তাঁর বঙ্গসফরের কথা জানান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সরকারি প্রকল্পের শিলান্যাস
শমীক জানান, মোট পাঁচটি সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে রাজ্যে। এগুলির মধ্যে রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে হলদিয়া, জগদীশপুর থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের প্রকল্প। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গ্যাস সরবরাহ করবে এই পাইপ লাইনের মাধ্যমে।
আরও পড়ুন – ন্যাটোর হুঁশিয়ারি উড়িয়ে দিল্লি তুলল ‘দ্বিচারিতা’ প্রসঙ্গ! কী বলল বিদেশমন্ত্রক?
দুটি মঞ্চ নেহরু স্টেডিয়ামে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দুটি মঞ্চ তৈরি করা হয়েছে নেহরু স্টেডিয়ামে। একটি থেকে তিনি শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রকল্পগুলির। অন্যটি তাঁর জনসভার জন্য। নেহরু স্টেডিয়ামে আপাতত জোর কদমে চলছে প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি। স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই।
৩ কিলোমিটার রোড শো
অন্ডাল বিমানবন্দরে অবতরণ করার পর প্রধানমন্ত্রী সড়ক পথে দুর্গাপুরে আসবেন বলে জানা গিয়েছে। দুর্গাপুরের গান্ধীমোড় থেকে নেহরু স্টেডিয়াম পর্যন্ত তিন কিলোমিটার রোড শো করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও সেই ভাবে প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রস্তুতি সংক্রান্ত সমস্ত দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তিনি।
দুর্গাপুরে পরিকাঠামো তৈরি করবে কেন্দ্র
দুর্গাপুরে পরিষেবা ক্ষেত্র ছাড়া অন্য কোনও ক্ষেত্র নেই। কেন্দ্র তাই পরিকাঠামো তৈরি করবে বলে জানিয়েছে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এক বছরের মধ্যে ভোল বদলে ফেলা হবে দুর্গাপুরের।
আরও পড়ুন – উত্তর দিনাজপুরে উদ্ধার বিবস্ত্র পরিচয়হীন যুবকের দেহ! নৃশংস খুনে কী বলল পুলিশ?
বঙ্গ বিজেপির সবাই থাকবে?
তবে এই অনুষ্ঠানে বঙ্গ বিজেপির সবাই উপস্থিত থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সংবাদ প্রতিদিনের রিপোর্ট মোতাবেক দিলীপ ঘোষ উপস্থিত নাও থাকতে পারেন অনুষ্ঠানে। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের উত্তর, বিজেপির মঞ্চে কারা থাকবেন তা বিজেপিই স্থির করবে। পার্টির গণতন্ত্র অনুযায়ী তা স্থির করা হবে।



Post Comment