রাজ্যে বিজেপির সরকার গঠন হলে প্রথম কাজ কী হবে ? SIR-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বার্তা শাহের
কলকাতা: SIR-র চূড়ান্ত তালিকা প্রকাশের আগে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ‘শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে অনুপ্রবেশকারী হঠানোই আসল লক্ষ্য’, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। বিজেপির সরকার গঠনের পর প্রথম কাজ হবে সীমানা সিল করা’, দাবি অমিত শাহের।
এদিন অমিত শাহ বলেন, ‘শুধু ভোটার তালিকা থেকে নয়, ভারত থেকে এক একজন করে অনুপ্রবেশকারীদের, দেশের বাইরে পাঠানোই মূল লক্ষ্য।অনুপ্রবেশকারীরা আমাদের নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না, ওরা দেশের গরীব মানুষের রেশনেও এসে ভাগ বসিয়েছে। কিন্তু সবথেকে বড় যে জায়গাটায় অনুপ্রবেশকারীরা প্রভাব ফেলেছে, সেটা হল ‘পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাসে পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে এই বছর বিধানসভা নির্বাচন রয়েছে। আমার পুরো ভরসা রয়েছে, এইবার ভারতীয় জনতা প্রার্টির সরকার তৈরি হবে। আর ভারতীয় জনতা প্রার্টির সরকার তৈরি হলেই, প্রথম যে লক্ষ্য থাকবে, তা হল সীমান্তে সিল করার কাজ সম্পূর্ণ করা। এবং এক একজন অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে ভারতের বাইরে বের করে দেওয়া।’
অপরদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলবেন, যতবার বলবেন, এই প্রত্যেকটি বক্তব্য কিন্তু তাঁর গোল হিসেবে চিহ্নিত হবে। এই অনুপ্রবেশ রোখার সঙ্গে, কোনও রাজ্যে কারও সরকারে আসার কোনও সম্পর্ক নেই। কারণ অনুপ্রবেশ বিষয়টা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। জলে স্থলে অন্তরীক্ষে যেদিক দিয়েই আপনি, এদেশে ঢুকবেন, সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় আছে, তাহলে আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল কীকরে ? সেখানে তো কেন্দ্রেও বিজেপি , রাজ্যেও বিজেপি। অর্থাৎ বাংলা সম্পর্কে আবার, সম্পূর্ণ মিথ্য়ে ভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছেন অমিত শাহ।



Post Comment