‘রাজ্যসভার টিকিট লোডিং না মুন্নাভাই সিক্যুয়েলের প্লট’, সঞ্জয়-আদিত্যনাথ সাক্ষাতে শুরু জোর জল্পনা
কলকাতা : সম্প্রতি সামনে এসেছে একটি ছবি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। এক ফ্রেমে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত (Bollywood Actor Sanjay Dutt) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (Uttar Pradesh CM)। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এটি কোনও নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? নাকি নেহাতই সৌজন্য সাক্ষাৎ? এই নিয়ে চড়ছে অনুমানের পারদ।
বলিউডের ‘মুন্নাভাই’ হঠাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দেখা করেন। লখনউয়ে (Lucknow) সাক্ষাৎ হয় এই দুই হেভিওয়েটের। নিজের X অ্যাকাউন্টে সেই সাক্ষাতের একটি ছবি অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। আর তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। সঞ্জয় দত্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার বিনিময় হয়েছে। তা খুবই প্রশংসনীয়।” দুজনকে হ্যান্ডশেক করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে।
এবার এই ছবি সমাজমাধ্যমে আসতেই বিভিন্ন জন বিভিন্ন মতপ্রকাশ করতে শুরু করেছেন। ছবিতে হু হু করে লাইক পড়তে শুরু করেছে। খুব কম সময়েই ভরে গিয়েছে কমেন্টবাক্স। কমেন্টে একজনের প্রশ্ন, “সঞ্জয় দত্ত + যোগী আদিত্যনাথের সাক্ষাৎ। রাজ্যসভার টিকিট (Rajya Sabha Ticket) লোড হচ্ছে? মুন্না ভাইয়ের সিক্যুয়েলের প্লট? নাকি শুধুই ‘ইতিবাচক ভাবনার আদানপ্রদান?” অন্য একজন কমেন্ট করেছেন ‘বাবা মিটিং বাবা (Baba meeting baba)’। আবার একজন সঞ্জয় দত্তের অতীত রাজনৈতিক জীবনের কথা মনে করিয়ে দিয়েছেন, যখন তিনি সমাজবাদী পার্টির (Samajwadi Party) সঙ্গে যুক্ত ছিলেন।
It was a pleasure meeting Hon’ble Chief Minister Yogi Adityanath ji in Lucknow.
Truly appreciate the blessings and the positive exchange. 🙏 pic.twitter.com/tpFQcBTd5W
— Sanjay Dutt (@duttsanjay) February 23, 2026
পরনে সাদা পোশাক, মুখে স্মিত হাসি। যোগী আদিত্যনাথের সঙ্গে হ্যান্ডশেকের ছবি সামনে এনে সঞ্জয় দত্ত কি কোনও বার্তা দিতে চাইলেন? সেই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে নিজের পেশাগত জীবনে একের পর এক ছবিতে ছাপ রেখে চলেছেন বলিউডের এই ‘খলনায়ক’। তাঁকে এর আগে তেলুগু কমেডি-হরর ছবি ‘দ্য রাজা সাব’ এবং আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এ দেখা গিয়েছিল। এখন তিনি তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তাঁর সঙ্গে রণবীর সিং-কেও (Ranveer Singh) দেখা যাবে। সঞ্জয় দত্তের হাতে এখন রাজা শিবাজি (Raja Shivaji), বাপ (Baap) এবং কেডি: দ্য ডেভিল (KD: The Devil) এর মতো ছবি রয়েছে। যা নিয়ে এখন তিনি বেজায় ব্যস্ত।



Post Comment