যন্ত্রণায় ছটফট করতে করতে মাঠ ছাড়লেন শুভমন, দুশ্চিন্তায় ভারতীয় শিবির, কী হয়েছে অধিনায়কের?
কলকাতা: ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের খেলা চলছে। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) স্পিনার সাইমন হার্মার বল করছিলেন। ক্রিজে সদ্য নেমেছেন শুভমন গিল। ওয়াশিংটন সুন্দর আউট হতেই হাততালিতে ভারত অধিনায়ককে স্বাগত জানাল ইডেন। যে ছবি দেখা যেত সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা খেলার সময়। ভারতের উইকেট পড়লেই হাততালি দিতেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই। এরপর সচিন বা কোহলি ব্যাট করতে নামবেন যে!
গিলও যেন ইডেনের গ্যালারি দেখে চনমনে। হার্মারকে স্যুইপ মেরে বাউন্ডারিতে ফেললেন। গ্যালারিতে গর্জন ক্রিকেটপ্রেমীদের। তারপরই কোথা থেকে যেন কী হয়ে গেল! স্যুইপ শট শেষ করে উঠতে গেলেন শুভমন। আচমকাই যন্ত্রণায় ছটফট করে উঠলেন। ইশারা করে ডাকলেন ফিজিওকে। ফিজিও দৌড়ে ঢুকলেন মাঠে। শুরু হল শুশ্রূষা।
গ্যালারিতে তখন উৎকণ্ঠা। অনেকে বুঝেই উঠতে পারছেন না যে, ঠিক কী হয়েছে শুভমনের। খানিক পরে দেখা গেল, কাঁধে চিকিৎসা চলছে তাঁর। ব্যথা নিরাময়কারী স্প্রে দিয়েও অবশ্য সোজা হতে পারলেন না শুভমন। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ৩ বলে ৪ রান করে। আহত ও অবসৃত হলেন শুভমন।
কী হয়েছে শুভমনের?
জানা গেল, ঘাড়ে ব্যথা লেগেছে। স্যুইপ শট খেলার পরই আচমকা টান লেগে গিয়েছে ঘাড়ে। তিনি সোজা হয়ে হাঁটতেই পারছেন না। ব্যাটিং তো দূর অস্ত। বেশ আড়ষ্টভাবেই তিনি মাঠ ছাড়লেন। বাধ্য হয়ে। তাঁর পরিবর্তে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ।
শুভমন কি আর ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন? ইডেনে যেভাবে বল ঘুরছে, লাফাচ্ছে, দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানে শেষ হয়ে যাওয়ার স্বস্তিও ভারতীয় শিবিরে দীর্ঘস্থায়ী হল না। পরপর উইকেট হারিয়ে লাঞ্চের সময় বেশ চাপে ভারত। টিম ইন্ডিয়া শিবির থেকে বলা হল, ড্রেসিংরুমে শুভমনের চিকিৎসা চলছে। ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। তবে তিনি ব্যাট করতে পারবেন কি না, তা নিয়ে আরও খানিকক্ষণ অপেক্ষা করা হচ্ছে। খানিক পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হবে।
শুভমন ব্যাট করতে না পারলে যে চাপ বাড়বে, বলাই বাহুল্য। খারাপ হতে থাকা ইডেনের পিচে যে শেষ ইনিংসে ব্যাট করতে হবে ভারতকেই।
Lunch on Day 2 🍲#TeamIndia trail South Africa by 2⃣1⃣ runs in the 1⃣st innings.
Ravindra Jadeja and Dhruv Jurel will resume proceedings after the break.
Scorecard ▶️ https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/DNHwKzCAAB
— BCCI (@BCCI) November 15, 2025



Post Comment