ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে স্ত্রী আরতির সম্পর্ক! বিচ্ছেদের পথে হাঁটছেন সহবাগ?
নয়াদিল্লি: দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলেছেন দিল্লির হয়ে । তবে মিঠুন মানহাসের সঙ্গে বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) মুখ দেখাদেখি বন্ধ? আর নেপথ্যে সাংসারিক অশান্তি!
শোরগোল পড়ে গিয়েছে এমনই এক ঘটনা প্রকাশ্যে আসায় । আরও তাৎপর্য বেড়েছে কারণ, মিঠুন মানহাস এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সদ্যই বিসিসিআইয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মিঠুন । খুব একটা পরিচিত মুখ না হলেও দীর্ঘদিন ক্রিকেট কর্তা হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দিল্লির এই প্রাক্তন ক্রিকেটার ।
কিছুদিন আগেই বীরেন্দ্র সহবাগের সঙ্গে স্ত্রী আরতির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বলে জোর জল্পনা ছড়িয়েছিল । এ-ও শোনা গিয়েছিল যে, বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন সহবাগ ও আরতি ।
এবার জল্পনা শুরু হয়েছে, সহবাগ ও আরতির ঝামেলার নেপথ্যে কি মিঠুন মানহাস? জল্পনা বেড়েছে এক সাংবাদিকের করা মন্তব্যে । গত ৭ অক্টোবর এক সাংবাদিক এক আলোচনায় বলেন, ‘সহবাগের স্ত্রীর সঙ্গে মিঠুন মানহাসের সম্পর্ক খুবই ভাল । এর পিছনে অন্য গল্প রয়েছে, যেটা এখানে আমি বলব না ।’ যদিও পরে সেই পোস্ট তিনি মুছে দেন । তবে তাতে বিতর্ক থামেনি ।
ওই পোস্টে অতীতের একটি বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন তিনি । যেখানে তামিলনাড়ু ও ভারতীয় দলের সতীর্থ দীনেশ কার্তিকের স্ত্রী নিকিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মুরলী বিজয় । পরে কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পর মুরলীকে বিয়ে করেন অন্তঃসত্ত্বা নিকিতা । তাই এই পোস্টের পরেই মিঠুন মানহাসের সঙ্গে আরতি সহবাগের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় ।
ঘটনা হচ্ছে, সহবাগের সঙ্গে আরতির ২০০৪ সালে বিয়ে হয় । তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে । কিন্তু সম্প্রতি তাঁদের ২০ বছরের বিবাহিত জীবনে ইতি পড়তে চলেছে বলে খবর ছড়ায় । সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন বীরু ও আরতি । এর নেপথ্যে মিঠুনের সঙ্গে আরতির সম্পর্কে জড়িয়ে পড়া অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে । যদিও সহবাগ ও আরতি এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ।



Post Comment