বেলডাঙাকাণ্ডের তদন্তে এবার NIA, গঠন হচ্ছে বিশেষ দল : সূত্র
আবির দত্ত, কলকাতা : বেলডাঙাকাণ্ডের তদন্তে এবার NIA। ভিনরাজ্যে বাঙালি শ্রমিকের রহস্য়মৃত্য়ু ও তারপর পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার অভিযোগে, অবাধে পর পর দু’দিন ধরে তাণ্ডবলীলা চলে বেলডাঙায়। রাস্তা ও রেল অবরোধ দিয়ে শুরুটা হলেও… পরে, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয় ! নির্বিচারে তাণ্ডব চলে। এই ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙা থানায় একটি এফআইআর হয়। এখনও পর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলার কলকাতা হাইকোর্টেও শুনানি হয়েছে। আদালত থেকে বলা হয়েছিল, এলাকার সুরক্ষা বজায় রাখতে রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে। পাশাপাশি, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর আজ MHA-র তরফে NIA-র কাছে এই সংক্রান্ত অর্ডার আসে। এরপর তারা FIR রুজু করে। NIA-র বিশেষ আদালতে জমা দেয়। NIA সূত্রের খবর, তারা দ্রুত বেলডাঙা থানায় গিয়ে কেস ডায়েরি হাতে নেবে। যাদের যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের কেন গ্রেফতার করা হয়েছিল এবং তাদের ভূমিকা কী ছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এই তদন্ত করার জন্য NIA-র বিশেষ দল গঠন করা হচ্ছে। এমনই খবর জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের।
মুর্শিদাবাদের বেলডাঙায় পরপর দু-দিন বেলাগাম তাণ্ডব, গুণ্ডামি, নৈরাজ্যের ঘটনায় রাজ্য সরকার এলাকার সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে বলে আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ। পাশাপাশি, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই বাহিনী দেবে বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
বেলডাভার ঘটনায়, জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বেলডাঙা-কাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেলডাঙার ঘটনার পরও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে বিজেপি ও বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার ফোর্স ব্যবহার নিয়ে বিপরীত আচরণ করছে। মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, এতে উদ্বিগ্ন আদালত। মানুষের জীবন ও সম্পত্তি নিয়ে চিন্তিত কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙায় মোতায়েন করা যেতে পারে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আরও বলে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে NIA তদন্তের নির্দেশ দিতে পারে। বেলডাঙার ঘটনায়, হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশে আরও বলেন, মুর্শিদাবাদের পুলিশ সুপার ও জেলাশাসককে এলাকার প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।



Post Comment