বিজয় রশ্মিকার সঙ্গে তুলনা হল শিব-পাবর্তীর! ফিল্মি বিয়ে নয়, যুগল আঁকড়ে রইলেন ঐতিহ্যকেই
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই, ভাইরাল। নাহ.. অনুরাগীরা যেমন কল্পনা করেছিলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) -র বিয়ের সাজ, তাঁদের কার্যত চমকে দিলেন এই তারকা জুটি। বলিউডি ধাঁচ নয়, লেহঙ্গা নয়.. বিজয় আর রশ্মিকা তাঁদের বিয়ে জুড়ে আঁকড়ে রইলেন তাঁদের সংস্কৃতিকে, তাঁদের শিকড়কে। বহুমূল্য হীরে নয়, রশ্মিকা আর বিজয় তাঁদের বিয়েতে বেছে নিলেন সোনার গয়না। পোশাকেও রইল একাধিক চমক আর সেই সংস্কৃতিরই ছোঁয়া।
বিয়েতে লাল সাদা রঙে সেজেছেন বিজয় আর রশ্মিকা। বিয়ের দিন বিজয়ের পরনে ছিল, সাদা ধুতি ও লাল রঙের ওপর সোনালী জমকালো করা উত্তরীয়। সঙ্গে বাজুবন্ধ থেকে শুরু করে লম্বা হার-সহ, সোনার ভারি গয়না। অন্য দিকে, সোনালী কাজ করা, লাল টুকটুকে রঙের শাড়ি বেছে নিয়েছিলেন রশ্মিকা। ব্লাউজ়েও জমকালো কাজ। মাথায় সোনার টায়রা আর গলায় একাধিক ভারী সোনার গয়নায় নজরকাড়া নতুন কনে।
তবে এই সবের থেকে সবচেয়ে বেশি যেটা চোখ কাড়ল, সেটা হল কনের ছলছল চোখ। বিজয়ের চোখেও জল দেখা গেল কী? বিয়ের একাধিক রীতি নিয়ম মানতে গিয়ে আবেগপ্রবণ হলেন রশ্মিকা। দীর্ঘ অপেক্ষা পরিণতি পেল বিবাহবন্ধনে। বিয়ের সমস্ত নিয়ম কানুন মেনে নতুন জীবন শুরু করলেন বিজয় আর রশ্মিকা। আর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিতেই শুভেচ্ছাবার্তায় ভাসলেন তাঁরা। অনুরাগীরা অনেকেই তাঁদের তুলনা করলেন শিব-পার্বতীর সঙ্গে। অনেকে আবার বললেন, বিজয় আর রশ্মিকা যেন মনে করাচ্ছেন রামায়ণ বা মহাভারতকে।
রশ্মিকা এবং বিজয় তাঁদের বিয়ের জন্য ‘প্রাইমাল’ থিম বেছে নিয়েছিলেন। কী এই ‘প্রাইমাল’ থিম? সাধারণ ঐতিহ্য, পুরনো রীতি-নীতি এবং পুরনো দিনের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় আর সুন্দরভাবে সাজানো হয়। মনে করা হয়, এইভাবে বিয়ের আসর সাজিয়ে তুললে তা একদিকে যেমন অন্তরঙ্গ অনুভূতি দেবে, তেমনই ছুঁয়ে থাকবে পুরনো দিনের সংস্কৃতিকেও। ‘প্রাইমাল’ কথার অর্থ হল মূল বা শিকড়। আদিম বা যা শুরু থেকে জড়িত অর্থাৎ শিকড়ের দিকে ফিরে যাওয়া। এই থিমে বিয়েটিকে সরলতা এবং পবিত্রতার সঙ্গে তুলে ধরা হয়।



Post Comment