বালিকা থেকে হলেন বধূ, রিয়্যালিটি শোয়ে বিয়ে সারলেন টেলেভিশনের ‘আনন্দী’, পাত্র সমাজসেবী
মুম্বই: সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অভিকা গোর। দীর্ঘদিনের প্রেমিক, মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে চারহাত এক হল তাঁর। রিয়্যালিটি শো ‘পতি, পত্নী অউর পঙ্গা’র সেটেই বিয়ে সারলেন তাঁরা। টেলি জগতের তাবড় তারকারা তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের বিভিন্ন মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Avika Gor Marriage)
বলা বাহুল্য, কনের সাজে দারুণ মানিয়েছিল অভিকাকে। টুকটুকে লাল লেহঙ্গা-চোলির সঙ্গে পান্নার গয়না পরেছিলেন তিনি। মিলিন্দ সোনালি রংয়ের শেরওয়ানি পরেছিলেন। সাতপাকে ঘোরার পর পাপারাৎজিদের মিষ্টিও খাওয়ান তারকা-দম্পতি। তাঁদের বিয়ে টেলিভিশনে সম্প্রচারিতও হয়েছে। (Avika Gor Wedding)
অভিকা এবং মিলিন্দের বিয়েতে এদিন দুই পরিবারের পাশাপাশি, বলিউড ও টেলি জগতের অন্য তারকারাও উপস্থিত ছিলেন। ছিলেন সোনালি বেন্দ্রে, হিনা খান, রকি জয়সওয়াল, রুবিনা দিলায়েক, অভিনব শুক্ল, গুরমীত চৌধরি, দেবিনা বন্দ্যোপাধ্যায়, সুদেশ লাহিড়ি, মমতা লাহিড়ি, স্বরা বাস্কর, ফারহাদ আহমেদ, গীতা ফোগত, পবন কুমার, কৃষ্ণা অভিষেক, ফারহা খান, রাখী সাওয়ন্ত, সমর্থ জুরেল।
#AvikaGor & #MilindChandwani ties knot on #PatiPatniAurPanga set!!👀
Congratulations to the couple!!❤️pic.twitter.com/TMsceabS3s
— 𝓝ᥫ᭡ (@Fierce_Soul_) September 30, 2025
মিলিন্দের মধ্যে নিজের জীবনসঙ্গী খুঁজে পাওয়া নিয়ে অভিকার বক্তব্য, “ঘুম থেকে উঠে নিজেকে বোঝাই, এটা বাস্তব। নিজেকে সৌভাগ্যবতী মনে হয়। এমন সঙ্গী পেয়ে ধন্য আমি। আমাকে সবকিছুতে সাপোর্ট করে ও, আমাকে বোঝে, জীবনে এগিয়ে যেতে উৎসাহ জোগায়।” তাঁদের পরিবারও এই বিয়ে নিয়ে সমান উৎসাহী ছিল বলে জানান তিনি।
কিন্তু জীবনের এত গুরুত্বপূর্ণ মুহূর্ত, টেলিভিশনে কেন সম্প্রচারিত হতে দিলেন, তা নিয়েও যুক্তি পেশ করেছেন অভিকা। তাঁর বক্তব্য, “২০০৮ সাল থেকে জনসমক্ষেই রয়েছি আমি। মানুষের কাছ থেকে যে ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি, তা বলে বোঝানো সম্ভব নয়। চেয়েছিলাম, আমার অনুরাগীরা, যাঁরা আমার জীবনে এত গুরুত্বপূর্ণ, তাঁরা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিনটিতেও শামিল হোন। আমি এটাই চেয়েছিলাম।”
২৮ বছর বয়সি অভিকা টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন। তবে শৈশবে ‘বালিকা বধূ’ সিরিয়ালে ‘আনন্দী’র চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। আজও বহু মানুষ তাঁকে ‘আনন্দী’ হিসেবেই চেনেন। ২০২০ সালে মিলিন্দের সঙ্গে প্রেমের সূচনা অভিকার। মিলিন্দ পেশায় ব্যবসায়ী, সমাজসেবক। Camp Diaries নামের একটি NGO চালান তিনি, যার মাধ্যমে দুঃস্থ শিশুদের শিক্ষাদান করা হয়, কারিগরি শিক্ষা প্রদান করা হয়।
IIM আমদাবাদ থেকে MBA ডিগ্রি রয়েছে মিলিন্দের। কেরিয়ার শুরু করেন Infosys-এ, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। পরবর্তীতে সমাজসেবামূলক কাজের দিকে ঝোঁকেন। ২০১৯ সালে MTV Roadies Real Heroes থেকে জনপ্রিয়তা পান মিলিন্দ। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মিলিন্দের মোট সম্পত্তির পরিমাণ ১ থেকে ২ কোটি টাকা। অভিকার মোট সম্পত্তির পরিমাণ ৮২ কোটি টাকা প্রায়।



Post Comment