‘প্রাইমাল’ থিমে সাজানো হয়েছে বিজয়-রশ্মিকার বিয়ের আসর! কী এর বিশেষত্ব?
কলকাতা: গোটা দিন জুড়েই আজ উদয়পুরে চলছে রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আর বিজয় দেবরাকোণ্ডা (Vijay Deverakonda) -র বিয়ের যাবতীয় অনুষ্ঠান। সকাল সকালই তেলুগু নিয়ম মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে এই তারকা জুটির। তবে বিয়ের কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে, কড়া হাতে সেই সমস্ত ব্যবস্থা নিয়েছেন বিজয় আর রশ্মিকা। গোটা বিয়ের আসর জুড়ে রয়েছে, নো ফোন পলিসি। বিজয় তেলুগু পরিবারের ছেলে, অন্যদিকে রশ্মিকার জন্ম কর্ণাটকে। সেই কারণেই ২ নিয়ম মেনেই বিয়ে হবে বিজয় আর রশ্মিকার। দুই সংস্কৃতিকেই নিজেদের বিয়েতে স্থান দিতে চান বিজয় আর রশ্মিকা। আর গোটা বিয়ের থিম খুবই যত্ন নিয়ে সাজিয়েছেন বিজয় আর রশ্মিকা। ‘প্রাইমাল’ থিমে গোটা বিয়ের আসর সাজিয়েছেন এই তারকা জুটি।
রশ্মিকা এবং বিজয় তাঁদের বিয়ের জন্য ‘প্রাইমাল’ থিম বেছে নিয়েছেন। কী এই ‘প্রাইমাল’ থিম? সাধারণ ঐতিহ্য, পুরনো রীতি-নীতি এবং পুরনো দিনের বিভিন্ন বিষয়কে আকর্ষণীয় আর সুন্দরভাবে সাজানো হয়। মনে করা হয়, এইভাবে বিয়ের আসর সাজিয়ে তুললে তা একদিকে যেমন অন্তরঙ্গ অনুভূতি দেবে, তেমনই ছুঁয়ে থাকবে পুরনো দিনের সংস্কৃতিকেও। ‘প্রাইমাল’ কথার অর্থ হল মূল বা শিকড়। আদিম বা যা শুরু থেকে জড়িত অর্থাৎ শিকড়ের দিকে ফিরে যাওয়া। এই থিমে বিয়েটিকে সরলতা এবং পবিত্রতার সঙ্গে তুলে ধরা হয়।
ঠিক যেমন করে কয়েক দশক আগে বিবাহ হত, লোক দেখানো রীতিনীতির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হত ঐতিহ্য, রীতি-নীতি এবং অনুভূতিকে, সেই ভাবনাকেই তুলে ধরে এই ‘প্রাইমাল’ থিম। সূত্রানুসারে, এই বিবাহ সেই ধারণার উপর ভিত্তি করে হবে। যেখান থেকে সৃষ্টির শুরু হয়েছে, অর্থাৎ প্রকৃতি, পঞ্চত্ব এবং জীবনের মূল শক্তিকে কেন্দ্র করে রশ্মিকা এবং বিজয় বিবাহ-বন্ধনে আবদ্ধ হবেন। সাজসজ্জায় প্রাকৃতিক রং, মাটি, কাঠ, ফুল এবং ঐতিহ্যবাহী প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রতিটি রীতিকে পালন করা হবে এমনভাবে, যা মনে করিয়ে দেবে পুরনো দিনের রীতিনীতিকে।
সাদামাটা অথচ যা আন্তরিক, সেভাবেই নিজেদের বিয়েকে সাজিয়ে তুলেছেন বিজয় আর রশ্মিকা। বিয়ের গোটা থিমে স্নিগ্ধ রঙের ব্যবহার রয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে রীতিনীতি ও সংস্কৃতিকে। আজ সকাল ৮টা নাগাদ তেলুগু মতে বিয়ের অনুষ্ঠান হয়েছে বিজয় আর রশ্মিকার। এরপরে, কোডাভা মতে বিয়ে সারবেন তাঁরা।



Post Comment