ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

আসানসোলে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি। শুক্রবার রাতে আসানসোলের সাতাশিয়া মোড়ে ২ ব্যক্তির কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাই হয়। সেই ঘটনায় কুলটির যুব তৃণমূল নেতা সর্বন মণ্ডলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাকেশ ঝুলানিয়া নামে এক পাইকারি চাল বিক্রেতার হয়ে পাওনা আদায় করতে বেরিয়েছিলেন রবীন্দ্রনাথ সিং, সুজিত কুমার প্রসাদ নামে ২ কর্মী। বকেয়া আদায় করে ফেরার সময় সাতাশিয়া মোড়ের কাছে তাদের মোটর সাইকেল দাঁড় করায় অন্য ২ মোটরসাইকেল আরোহী। এর পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে প্রায় ১১ লক্ষ টাকা ছিল বলে পুলিশকে অভিযোগপত্রে জানিয়েছেন ওই ব্যবসায়ী।

এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করে পুলিশ। যুব তৃণমূল নেতা সর্বন মণ্ডলসহ ৪ জনকে গ্রেফতার করেন তাঁরা। উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা, ১টি মোটরসাইকেল ও ১টি আগ্নেয়াস্ত্র।

এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, এখন তো খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই সবেতেই তৃণমূল। তৃণমূল করলে সাত খুন মাফ এটা অনেক আগেই দুষ্কৃতীরা জেনে গিয়েছে। তাই বেপরোয়া হয়ে উঠেছে তারা।

অভিযোগ অস্বীকার করে আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু বলেন, এই ঘটনার সঙ্গে দলের যোগ নেই। পুলিশ তার কাজ করছে। অহেতুক এই ঘটনার সঙ্গে তৃণমূলকে জড়াচ্ছে বিজেপি।

Post Comment

You May Have Missed