চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেতের পোস্টিং বিতর্কের জেরেই নিয়ম বদল?

চুক্তিভিত্তিক সার্ভিস, যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি! অনিকেতের পোস্টিং বিতর্কের জেরেই নিয়ম বদল?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রাজ্যের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বন্ড পোস্টিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। প্রয়োজনমতো যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি করতে পারবে সরকার, জানিয়ে দেওয়া হল বিজ্ঞপ্তি। যেখানে চিকিৎসকদের বন্ড পোস্টিংকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চুক্তিভিত্তিক সার্ভিস হিসাবে।

আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং-বিতর্ক নিয়ে বহু জলঘোলা হয়েছে। সিনিয়র রেসিডেন্ট হিসাবে মেধার ভিত্তিতে পোস্টিং পেতে হাইকোর্ট হয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আনতে হয়েছে তাঁকে। মেধা তালিকা মেনেই অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যাল কলেজেই, রাজ্য সরকারকে এমন নির্দেশও দেয় দেশের সর্বোচ্চ আদালত।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং নিয়মের খোলনলচেই বদলে ফেলল রাজ্যের স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের তরফে নতুন SOP প্রকাশ করে জানানো হয়েছে, বন্ড পোস্টিংয়ে রাজ্য সরকার যেখানে খুশি ৩ বছরের জন্য বদলি করতে পারবে। আগের নিয়ম অনুযায়ী, প্রথম বছর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরের দু’বছর গ্রামীণ হাসপাতালে কাজ করতে হতো সিনিয়র রেসিডেন্টদের। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতর বলল, প্রয়োজন অনুযায়ী যে হাসপাতালে মনে করবে, সেখানেই তাঁদের পাঠাতে পারবে।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর উত্তাল হয় রাজ্য-সহ গোটা দেশ। ন্যক্কারজনক কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে চিকিৎসক মহলের একটা বড় অংশ। এর কিছুদিন পরেই অভিযোগ ওঠে, সেই সময় আন্দোলনকারী চিকিৎসকদের সামনের সারিতে যাঁদের দেখা যেত, সেই দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতোদের সিনিয়র রেসিডেন্ট হিসাবে পোস্টিং নির্দিষ্ট নিয়ম মেনে হয়নি। দেখা যায়, কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে। আসফাকুল্লা নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিংয়ের সময় ছিল আরামবাগ মেডিক্য়াল কলেজের নাম।

পোস্টিং অর্ডারে তা বদলে করা হয় পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আর জি কর মেডিক্য়াল কলেজে। পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে করা হয় রায়গঞ্জ মেডিক্য়াল কলেজ। তারপরেই এই পোস্টিং বিতর্কের জল গড়ায় আদালতে। সেই অস্বস্তির জেরেই কি এবার সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং নিয়মে বদল আনল স্বাস্থ্য ভবন?

এতদিন জুনিয়র ডাক্তাররা বন্ড পোস্টিং পেতেন মেধাভিত্তিক কাউন্সিলিংয়ের মাধ্যমে। নতুন বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য দফতর এবার স্পষ্ট জানিয়েছে… চিকিৎসকদের বন্ড পোস্টিং আদতে চুক্তিভিত্তিক সার্ভিস, তাই যেখানে প্রয়োজন সেখানে বদলি করতে পারবে রাজ্য সরকার। নতুন SOPতে কাউন্সেলিং নিয়ে কোনও উচ্চবাচ্যই করা হয়নি। তবে কি এবার থেকে আর শুধুমাত্র মেধার ভিত্তিতে সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং দিতে বাধ্য নয় রাজ্য সরকার?

আরজি কর-কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক মৃন্ময় বসাক বলছেন, ‘এবার ইচ্ছেমতো দুর্নীতি স্বজনপোষণ হবে। যদি কোনও ছাত্রছাত্রী আন্দোলন করে তাকে যাতে সহজেই সরিয়ে দিতে পারবে।’ সব মিলিয়ে স্বাস্থ্য দফতরের এই নতুন নিয়ম নিয়ে চিকিৎসক মহলে জোর চর্চা। 

Post Comment

You May Have Missed