চিংড়িহাটায় মেট্রো জট কাটাতে উদ্যোগী কোর্ট, মঙ্গলবার সবপক্ষকে বৈঠকে বসার নির্দেশ

চিংড়িহাটায় মেট্রো জট কাটাতে উদ্যোগী কোর্ট, মঙ্গলবার সবপক্ষকে বৈঠকে বসার নির্দেশ

মাত্র ৩৬৬ মিটারের জন্য আটকে রয়েছে বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া এয়ারপোর্ট অরেঞ্জ লাইন চালু হওয়ার কাজ। চিংড়িহাটার যানজটই হয়ে উঠেছে সবচেয়ে বড় বাধা। এবার সেই জট ছেঁটে পথ মসৃণ করতে সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাই কোর্ট।

আরও পড়ুন: ২৬-এর পুজোর আগেই নতুন বাড়িতে ফিরতে পারবেন বউবাজারের গৃহহারারা, আশ্বাস মেয়রের

বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, দ্রুত সমাধান না করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই মেট্রো রেল, রাজ্য সরকার, রেল বিকাশ নিগম (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা পুলিশ সব পক্ষকে একসঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। হাইকোর্টের পর্যবেক্ষণ, সমস্যা কোথায়, তা বুঝে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। কবে সেই বৈঠক হবে, জানাতে হবে বৃহস্পতিবারই। সেই মতো আজ বৃহস্পতিবার সব পক্ষকে জানিয়ে দেওয়া হল বৈঠকের স্থান এবং দিনক্ষণ। আগামী মঙ্গলবার সব পক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পার্কস্ট্রিটের মেট্রো ভবনে বৈঠক হবে। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে বৈঠক করতে বলা হয়েছে। বৈঠকে থাকবেন সব পক্ষের প্রতিনিধিরা। আদালত জানিয়েছে, জনগণের স্বার্থের কথা মাথায় রেখে গুরুত্ব দিয়ে বৈঠক করতে হবে।

আদালতে আরভিএনএল-এর তরফে জানানো হয়, চিংড়িহাটার ওই ৩৬৬ মিটারের কাজ শেষ করতে খুব বেশি সময় লাগবে না। শুক্রবার থেকে রবিবার রাত পর্যন্ত ধাপে ধাপে কয়েক ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ সম্পূর্ণ করা সম্ভব। কিন্তু রাজ্যের অনুমতি না পাওয়ায় এতদিন প্রকল্প এগোয়নি। আরভিএনএল-এর দাবি, সামান্য উদ্যোগ নিলেই বিপুল সংখ্যক যাত্রী উপকৃত হবেন।

উল্লেখ্য, অরেঞ্জ লাইন চালু হওয়ার পর দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্ট যাত্রা অনেকটাই সহজ হবে বলে আশা। কিন্তু চিংড়িহাটার যানজট এবং ট্রাফিক নিয়ন্ত্রণে অসুবিধার কারণে দীর্ঘদিন প্রকল্প আটকে রয়েছে। হাইকোর্টের নির্দেশে এবার আলোচনার টেবিলে সব পক্ষকেই আসতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী কলকাতায় এসে মেট্রোর নতুন রুটের উদ্বোধন করেন। যাত্রী সংখ্যা বেড়েছে কয়েকগুণ। কিন্তু তাতেও যাতায়াতের ভোগান্তি কাটেনি। বিশেষত চিংড়িহাটার এই জট শুধু অরেঞ্জ লাইনের কাজ আটকে দেয়নি, শহরের যান চলাচলও বিপর্যস্ত করছে। কলকাতা হাই কোর্টের নতুন নির্দেশে এবার আশার আলো দেখছেন নিত্যযাত্রীরা।

Previous post

Durga Puja 2025: প্যান্ডেল হপিংয়ে বেরোচ্ছেন? জেনে নিন বাংলার কোন কোন রাস্তায় চলবে বিধি-নিষেধ

Next post

Donald Trump Tariffs on India: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতেই ভারতকে শুল্ক-গুঁতো ট্রাম্পের…চাঞ্চল্যকর দাবি মার্কিন সুপ্রিম কোর্টে

Post Comment

You May Have Missed