খাবারে বিষক্রিয়া, ১২০ জন হাসপাতালে ভর্তি ! লাদাখে আচমকা বন্ধ রণবীরের শ্যুটিং; কীভাবে হল বিপত্তি

খাবারে বিষক্রিয়া, ১২০ জন হাসপাতালে ভর্তি ! লাদাখে আচমকা বন্ধ রণবীরের শ্যুটিং; কীভাবে হল বিপত্তি

রবিবার লাদাখের লে জেলায় রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর সেটে এক বিরাট বিপত্তি দেখা যায়। একসঙ্গে সেটের মধ্যেই ১২০ জন মানুষ খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আচমকাই বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। লে জেলার এসএনএম হাসপাতালে সকলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বেশিরভাগ রোগীর অবস্থা স্থিতিশীল

এসএনএম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে রোগীর ভিড় খুব বেশি থাকায় জরুরি অবস্থায় ডাক্তারদের ডেকে আনা হয়েছিল। দিনের শেষে প্রায় ১২০ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি ভালভাবে সামাল দেওয়া হয়েছে। তাদের সকলের যথাযথ চিকিৎসা চলছে। এসএনএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এএনআই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য। বেশিরভাগ রোগীকেই এখন ছেড়ে দেওয়া হয়েছে। আরও ৫ জনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। হাসপাতালের তরফে নিশ্চিত করা হয়েছে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্মকর্তাদের মতে, ‘কিছু রোগীর মধ্যে তীব্র ডিহাইড্রেশন দেখা গিয়েছিল, কারও প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, বমি, তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের সমস্যা, এমনকী মাথাব্যথা নিয়েও হাসপাতালে ছুটে এসেছিলেন কেউ কেউ। জেলা প্রশাসনের কাছ থেকে অনেক সহায়তা মিলেছে। চিকিৎসা পরিচালনা ও ভিড় নিয়ন্ত্রণের জন্য কয়েকজন রোগীকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র। আর এই রোগীরা প্রত্যেকেই বলিউডের ছবির শ্যুটিং প্রজেক্টের অংশ ছিলেন বলে জানানো হয়েছে।

সেটে দেওয়া খাবার থেকেই ডায়ারিয়া হওয়ার আশঙ্কা

সেটে সকলেই খাবার সাজিয়ে রেখেছিল, আর সেই খাবার খেয়েই বেশিরভাগের ডায়ারিয়া ও বমি হতে থাকে। খাবারের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, এর চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি। কিছু অসুস্থ ক্রু সদস্যের পরিবারের সঙ্গে এএনআই সংবাদমাধ্যম কথা বলেছে, তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। একজন আত্মীয় জানিয়েছেন যে তাঁর বোন, ভাইয়ের সন্তান ও শ্যালিকা সহ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদসূত্রে জানা গিয়েছে ছবির পরিচালক আদিত্য ধর ব্যক্তিগতভাবে পরিস্থিতির তদারকি করছেন। আর সকলের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। যদিও হাসপাতালে ভর্তি সকলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে। তবে ছবির প্রোডাকশন টিমের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।   




Post Comment

You May Have Missed