ক্যাচ ফেলে কি ওয়েস্ট ইন্ডিজ়ের হাতে ম্যাচ তুলে দিল জ়িম্বাবোয়ে? হেটমায়ারের প্রলয়ে রেকর্ড

ক্যাচ ফেলে কি ওয়েস্ট ইন্ডিজ়ের হাতে ম্যাচ তুলে দিল জ়িম্বাবোয়ে? হেটমায়ারের প্রলয়ে রেকর্ড

মুম্বই: ক্যাচ ধরো, ম্যাচ জেতো। ক্রিকেটের সেই প্রাচীন প্রবাদ। আর টি-২০ বিশ্বকাপের (Cricket T20 World Cup) সুপার এইটের ম্যাচে ক্যাচ ফেলেই নিজেদের বিপন্ন করে তুলল জ়িম্বাবোয়ে! ওয়েস্ট ইন্ডিজ় তাদের বিরুদ্ধে রানের পাহাড়ে!

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধ্বংসলীলা চালালেন শিমরন হেটমায়ার। ৩৪ বলে ৮৫ রান করে জ়িম্বাবোয়ে শিবিরকে ছিন্নভিন্ন করে দিলেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার। সাতটি চার ও সাতটি ছক্কা। স্ট্রাইক রেট আড়াইশো। একা হাতে জ়িম্বাবোয়ে বোলিংকে কার্যত খুল করলেন হেটমায়ার।

পরিসংখ্যান বলছে, সোমবার পেসারদের ১৭ বল খেলে ২৯ রান করেছেন হেটমায়ার। স্ট্রাইক রেট ১৭০.৬। পাঁচটি বাউন্ডারি মেরেছেন। তবে স্পিনারদের বিরুদ্ধে ছিলেন আরও ভয়ঙ্কর মেজাজে। ১৭ বলে করেন ৫৬ রান। স্ট্রাইক রেট? ৩২৯.৪। জোড়া বাউন্ডারি ও ৭টি ছক্কা মেরেছেন।

জ়িম্বাবোয়ে শিবির কপাল চাপড়াতে পারে কারণ, হেটমায়ার সুযোগ দিয়েছিলেন। একবার নয়, দু-দুবার। প্রথমবার ব্লেসিং মুজারাবানির বলে। জ়িম্বাবোয়ের ডানহাতি পেসার বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ফর্মে। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তোলেন হেটমায়ার। লোপ্পা ক্যাচ ফেলে দেন মুসেকিওয়া। হেটমায়ারের রান তখন মাত্র ৯!

পরে আরও একবার সুযোগ দেন হেটমায়ার। তখন ৭০ রানে ব্যাট করছিলেন। ব্র্যাড ইভান্সের বলে তাঁর ক্যাচ ফেললেন কে? ফের মুসেকিওয়া। সোমবারের রাত তিনি দ্রুত ভুলতে চাইবেন। হেটমায়ারের মতো বিধ্বংসী ক্রিকেটার দুবার প্রাণ ফিরে পেলে যা করতে পারেন, সেটাই করলেন।

 

১৯ বলে হাফসেঞ্চুরি করেন হেটমায়ার। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। এবারের বিশ্বকাপেই ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন হেটমায়ার। নিজের রেকর্ডই ভাঙলেন তিনি।

হেটমায়ারকে সঙ্গত করেন রোভম্যান পাওয়েল। ৩৫ বলে ৫৯ রান করেন তিনি। তৃতীয় উইকেটে ১২২ রান যোগ করেন হেটমায়ার ও পাওয়েল। শেষ দিকে চালিয়ে খেলে শেরফান রাদারফোর্ড ১৩ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। টস হেরে প্রথমে ফিল্ডিং নিয়েছিল জ়িম্বাবোয়ে। তাদের রীতিমতো শাস্তি দিয়ে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় তুলল ২৫৪/৬। এই বিশ্বকাপে যা সর্বোচ্চ দলগত স্কোর। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 



Previous post

Rongtong Tour: রংটংয়ে বেড়াতে যাচ্ছেন? স্টেশনের ধারে ঐতিহ্যের ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’

Next post

BJP Parivartan Yatra 2026: পরিবর্তন রথযাত্রা-র উদ্বোধনে বাংলায় আসছেন অমিত শাহ-রাজনাথ সিংরা! দু’দিন ধরে চলবে হেভিওয়েট নেতাদের চমকপ্রদ উপস্থিতি

Post Comment

You May Have Missed