‘এই ছেলেটাই আন্দোলনের সময় আমায় খিস্তি মেরেছিল…’, এবার জিতুর বিরুদ্ধে সরব কিঞ্জল

‘এই ছেলেটাই আন্দোলনের সময় আমায় খিস্তি মেরেছিল…’, এবার জিতুর বিরুদ্ধে সরব কিঞ্জল

সোমবার রাত থেকে ফের টলিপাড়ার অন্দরের পরিবেশ নিয়ে উঠছে প্রশ্ন। কারণ হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় একগুচ্ছে অভিযোগ এনেছেন, সহকর্মী-ধারাবাহিকের নায়ক জিতু কমলের উপরে। যেখানে ‘অশালীন’ কথাবার্তা, রাতে অপ্রীতিকর ম্যাসেজ পাঠানো-র মতো নানা অভিযোগ তুলেছেন।

দেখা গেল ফেসবুকে করা দিতিপ্রিয়ার সেই পোস্টটি শেয়ার করে নিয়েছেন অভিরূপ সেন নামে এক ব্যক্তি। আর সেখানেই কমেন্ট করেন অভিনেতা-আরজি কর আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ। তিনি কমেন্টে লিখলেন, ‘এই ছেলেটা আন্দোলনের সময় আমাকে খিস্তি মেরেছিল। ওর ফোন ধরিনি বলে।’ যদিও এর বেশি কোনো কিছুই লেখেননি কিঞ্জল, ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার অন্দরে কানাঘুষো ছিল যে, সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে জিতু ও দিতিপ্রিয়ার। যদিও পর্দার ‘আর্য সিংহ রায়’ বরাবরই তা অস্বীকার করে গিয়েছিলেন। আর দিতিপ্রিয়ার জবাব ছিল, ‘এখনই এই নিয়ে কথা বলতে চাই না…’!

এরপর সোমবার আচমকাই নীরাবতা ভাঙলেন দিতিপ্রিয়া। দীর্ঘ পোস্টে করেন কিছু বিস্ফোরক অভিযোগ। যেখানে দাবি করেছেন, প্রথম ১ মাসের পর থেকেই সেটে তাঁর সঙ্গে আর কথা বলেন না জিতু। যদিও হোয়াটসঅ্যাপে ম্য়াসেজ পাঠান। এমনকী, সম্প্রতি ভাইরাল হওয়া একটি চুমু (আর্য ও অপর্ণার, চিরদিনই তুমি যে আমার-এর লুকে)-র ভিডিয়ো পাঠিয়ে বলেছিলেন, দিতিপ্রিয়ার প্রেমিক এটা দেখে নিলেই নাকি ব্রেকআপ!

কিঞ্জলের কমেন্ট।

এখানেই শেষ নয়, একদিন দিতিপ্রিয়া ডাক্তার দেখাতে যাবেন শুনে জিতুর প্রশ্ন ছিল, ‘কেন তুমি কি প্রেগন্যান্ট?’ এমনকী দিতিপ্রিয়াকে ম্যাসেজ পাঠিয়ে বলেন, তিনি কথা বলতে চান আলাদা ভাবে। শুধু শর্ত একটাই, যেন অভিনেত্রীর মা জানতে না পারেন!

দিতিপ্রিয়া তাঁর পোস্টে এরপর লেখেন, ‘এই সব ঘটনাগুলো প্রাথমিক ভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল। আমাদের শ্যুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা। আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি।আমাদের দারুণ চলতে থাক শো’টা ব্যহত হোক আমি চাইনি। আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবোও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।’

দিতিপ্রিয়ার অভিযোগে জিতুর জবাব:

এরপর অবশ্য দিতিপ্রিয়ার আনা এসব অভিযোগে মুখ খোলেন জিতু। হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ওর কথা শুনে হা হা করে হেসেছি। কী বলব এটা নিয়ে। বলেছি বাচ্চা, কিডিশ, ইমম্যাচিওর! ও যে অভিযোগ তুলেছে না, ও নিজেও জানে না এটা কতটা মারাত্মক।’ জিতু দাবি করেন যে, তাঁর কাছেও হোয়াটসঅ্যাপ ম্যাসেজের স্ক্রিনশট রয়েছে। তিনি প্রয়োজনে তা শেয়ার করতেই পারেন। তবে ব্যাপারটা আপাতত দেখছে চিরদিনই তুমি যে আমার-এর প্রযোজনা সংস্থা।

Previous post

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি…, বিচারপতির এক প্রশ্নেই উঠল ঝড়, কী জিজ্ঞেস করলেন?

Next post

Karishma Kapoor’s husband Sunjay Kapoor: ‘আমার ছেলেকে খু*ন করা হয়েছে’! বিস্ফোরক অভিযোগ করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মায়ের…

Post Comment

You May Have Missed