ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ‘নক আউট’ ম্যাচ, কোন দল এগিয়ে, কারা পিছিয়ে? কী বলছে অতীত পরিসংখ্যান?

ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের ‘নক আউট’ ম্যাচ, কোন দল এগিয়ে, কারা পিছিয়ে? কী বলছে অতীত পরিসংখ্যান?

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) একেবারে ‘বিজনেস এন্ড’-এ পৌঁছে গিয়েছে। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ চারে নিজেদের জায়গা দখল করে নিয়েছে। আর বাকি দুই দল। সুপার এইটের গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসাবে কারা সেমিফাইনালে পৌঁছবে, সেটা কিন্তু সুপার এইট পর্বের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হবে। ১ মার্চ ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় (IND vs WI)।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ় পরাজিত হওয়ায় এবং ভারতীয় দল জিম্বাবোয়েকে হারানোয় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচটি কিন্তু একেবারে নক আউট ম্যাচে পরিণত হয়ে গিয়েছে। দুই দলের মধ্যে ক্রিকেটের নন্দন কাননে যে দল জয়ের হাসি হাসবে, তারাই চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবে। তবে অতীত পরিসংখ্যান কী বলছে? বিশের বিশ্বকাপে দুই যুযুধান প্রতিপক্ষের মুখোমুখি সাক্ষাৎকারে কে এগিয়ে, কোন দল পিছিয়ে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়, দুই দলই দুইবার করে খেতাব জিতেছে। উভয়ের সামনেই রয়েছে প্রথম দল হিসাবে তৃতীয়বার বিশের বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার হাতছানি। তবে এই দুই দলের একটিই সেমিফাইনালে পৌঁছবে। অতীতে দুই দল কিন্তু চার চারবার বিশের বিশ্বকাপে মুখোমুখি হয়েছে আর প্রতিটি সাক্ষাৎকারই স্মরণীয় হয়ে রয়েছে। তবে অতীত পরিসংখ্যান কিন্তু ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাবে না। চার বারের সাক্ষাতে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তিনবারই হারতে হয়েছে ভারতকে।

দুই দল ২০০৯ এবং ২০১০, দুই বিশ্বকাপে পরপর মুখোমুখি হয়েছিল এবং সেই দুইবারই জয় পায় ক্যারিবিয়ান দল। ২০১৪ সালে বাংলাদেশে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে একমাত্র জয়টি পায়। সেই ম্যাচে দুরন্ত বোলিংয়ে ক্যারিবিয়ান দলকে মাত্র ১২৯ রানে বেঁধে রাখার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতকে জয় এনে দেন।

দুই বছর পর ফের একবার দুই দল মুখোমুখি হয়েছিল। বিস্ময়কর লাগলেও তারপর থেকে এক দশকে কোনওদিন দুই দল বিশের বিশ্বকাপে মুখোমুখিই হয়নি। ১০ বছর আগে মুম্বইয়ে সেমিফাইনাল ম্যাচ ছিল সেটি। সেই ম্যাচেও বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটে ভর করে ভারত বড় রান তুলেছিল। তবে টিম ইন্ডিয়ার হৃদয়ভঙ্গ করে সেই ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ়। তারপর রবিবারের ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্সেই জিতে নেয় বিশ্বকাপ ফাইনাল। সেই মাঠে এবার ফের এক নক আউট ম্যাচে মাঠে নামবে ক্যারিবিয়ান দল। সেইবারের ওয়েস্ট ইন্ডিজ় দলের অধিনায়ক ড্যারেন স্যামি এখন দলের কোচ। ফের একবার ইডেনে স্যামি জয়ের হাসি হাসেন না ভারত সেমিফাইনালের টিকিট পাকা করতে সক্ষম হয়, এবার সেটাই দেখার বিষয়।

Previous post

ইডেনে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচ, দর্শকদের সুবিধার্থে রাতে চলবে বিশেষ মেট্রো

Next post

Mamata Banerjee: এমন দুঃসাহসিক কাজ! পুলিশকর্মীর ভূয়সী প্রশংসা করে পোস্ট মমতার, বিরাট দুর্ঘটনা থেকে রক্ষা

Post Comment

You May Have Missed