‘আবারও…’ জিম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেয়েও বড় রান পেলেন না স্যামসন, সমালোচনায় মুখর গাওস্কর
চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের পরাজয়ের পরেই দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন জিম্বাবোয়ে ম্যাচে (IND vs ZIM) সঞ্জু স্যামনসকে (Sanju Samson) খেলানো নিয়ে আলোচনা করা হবে। সেইমতোই বৃহস্পতিবার স্যামসনকে সুযোগ দেওয়া হয়, তবে ফের একবার বড় রান পেতে ব্যর্থ স্যামসন। এরপরেই স্যামসনের সমালোচনায় মুখর সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ওপেনিংয়ের সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তিনি পাওয়ার প্লেতে নেমে শুরুটা ভালই করেছিলেন। তবে ফের একবার সেট হয়ে আউট হন স্যামসন। ব্লেসিং মুজ়াবানির বিরুদ্ধে বড় শট মারতে গিয়েই ফিরতে হয় স্যামসনকে। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন সুনীল গাওস্কর। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার স্যামসনের শট দেখে যে বেশ হতাশই হন, তা বলাই বাহুল্য।
গাওস্করকে বলতে শোনা যায়, ‘ও নিজেও হতাশ হবে, কারণ ওই একই জায়গায় ও বহুবার আগেও আউট হয়েছে। সবাই জানে ওর বিরুদ্ধে ডিপ স্কোয়ার লেগ রেখে শর্ট বল কর, আর এক্ষেত্রে মুজ়ারাবানির উচ্চতাও বলকে বাড়তি বাউন্স প্রদান করে। সেই কারণেই স্যামসন বলটা ঠিক মতো মিডল করতে পারেননি। ও আবারও ডিপে ক্যাচ দিয়ে ফিরল।’
তবে স্যামসন এদিন বড় রান না পেলেও, ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে রানে ফেরেন অভিষেক শর্মা। হাঁকান দুরন্ত অর্ধশতরান। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। জ়িম্বাবোয়ে বোলারদের বিরুদ্ধে প্রলয়লীলা চালান ভারতীয় ব্যাটাররা। শুরুটা করেছিলেন দুই ওপেনার – অভিষেক ও স্যামসন। মাত্র ২২ বলে ৪৮ রান যোগ করেন দুই ওপেনার।
এরপর সঞ্জু ফিরলেও অভিষেক ও ঈশান কিষাণ মিলে বিধ্বংসী ইনিংস খেলেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মার টুর্নামেন্ট কাটছিল দুঃস্বপ্নের মতো। টানা তিন ম্যাচে শূন্য করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ করেন। অবশেষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরলেন বাঁহাতি ব্যাটার। ২৬ বলে হাফসেঞ্চুরি। ৩০ বলে ৫৫ রান করলেন। ২৪ বলে ৩৮ ঈশান কিষাণের। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৭২ রান যোগ করলেন দুজনে।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে পরে তাণ্ডব চালালেন তিলক বর্মা (১৬ বলে অপরাজিত ৪৪ রান), হার্দিক পাণ্ড্য (২৩ বলে অপরাজিত ৫০ রান), সূর্যকুমার যাদবরা (১৩ বলে ৩৩ রান)। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। টি-২০ বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮/৪ তুলেছিল ভারত। সেই নজির ছাপিয়ে গেল এদিন।
২৫৭ তাড়া করতে নেমে জ়িম্বাবোয়ে কখনওই আস্কিং রেটের ধারেকাছে ছিল না। একমাত্র লড়াই করলেন ব্রায়ান বেনেট। গোটা টুর্নামেন্টেই ছন্দে আছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার ৫৯ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। তিনি ছাড়া আর কেউই বলার মতো রান পাননি। ছয় উইকেটে ১৮৪ রানে থামে জিম্বাবোয়ের ইনিংস। তিন উইকেট নিয়ে জ়িম্বাবোয়েকে ধাক্কা দেন অর্শদীপ সিংহ।



Post Comment