‘অপারেশন সিঁদুরে’ মৃত্যু হতে পারত শেহবাজ় শরিফের? নয়া দাবি ট্রাম্পের, বললেন, ‘আমি না থাকলে…’
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানকে নিয়ে একের পর এক দাবি করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হস্তক্ষেপ না করলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেত ফের দাবি করলেন তিনি। সেই সঙ্গে তাঁর সংযোজন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের মৃত্যু হতে পারত।” মুখ ফস্কে একথা বলে ফেলেছেন তিনি, না কি সত্যি সত্যিই শেহবাজ়ের প্রাণহানির ঝুঁকি ছিল বলে ইঙ্গিত দিতে চেয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Donald Trump)
স্টেট অফ দ্য ইউনিয়নের বক্তৃতায় এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “প্রথম ১০ মাসে আটটি যুদ্ধ থামিয়েছি আমি। কম্বোডিয়া বনাম তাইল্যান্ড, পাকিস্তান বনাম ভারত…পরমাণু যুদ্ধ হতে পারত। ৩ কোটি ৫০ লক্ষ মানুষ বলেছেন…পাকিস্তানের প্রধানমন্ত্রীর মৃত্য়ু হতে পারত, যদি না আমি হস্তক্ষেপ করতাম।” (Shehbaz Sharif)
পহেলগাঁও জঙ্গি হামলার পর গতবছর ভারত এবং পাকিস্তান মুখোমুঘখি সংঘর্ষে অবতীর্ণ হয়। শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প। আমেরিকার মধ্যস্থতাতেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো গিয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তান সেই নিয়ে কোনও প্রতিবাদ না জানালেও, ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত এবং পাকিস্তান মিলেই নিয়েছে। ওই সিদ্ধান্তে তৃতীয় কোনও দেশ যুক্ত ছিল না।
#WATCH | Addressing the 2026 State of the Union, United States President Donald Trump says, “… In my first 10 months, I ended eight wars… Pakistan and India would have had a nuclear war. 35 million people said the Prime Minister of Pakistan would have died if it were not for… pic.twitter.com/GnrgJKtjID
— ANI (@ANI) February 25, 2026
কিন্তু ট্রাম্প লাগাতার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন। তবে শেহবাজ়কে নিয়ে নয়া যে মন্তব্য করেছেন তিনি, তা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। কারণ এর আগে ট্রাম্পকে বলতে শোনা যায়, “পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে জানান, পরমাণু যুদ্ধ হলে দুই দেশের ৩ কোটি ৫০ লক্ষ মানুষ মারা যেতে পারতেন।” তাই শেহবাজ়কে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিকতম মন্তব্য মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে, না কি বক্তব্য উল্টে গিয়েছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে তিনি শুল্কনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বলেও বার বার দাবি করতে শোনা গিয়েছে ট্রাম্পকে। এবারও তার অন্যথা হয়নি। ট্রাম্প বলেন, “২০০ শতাংশ শুল্কের সাহায্য়ে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ রুখে দিয়েছি আমি। আমরা সরাসরি বলেছিলাম,মাঝখানে কাউকে রেখে নয়।”



Post Comment